২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড. মোশাররফ, আলতাফ ও ম খা আলমগীরের জামিন বহাল

দুর্নীতি মামলায় সাবেক দুই মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীকে দেওয়া হাইকোর্টের জামিন আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। তবে তাদের বিরুদ্ধে দায়ের চার মামলার ওপর হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2008, 11:26 AM

Updated : 26 Aug 2022, 02:32 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি মামলায় সাবেক দুই মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীকে দেওয়া হাইকোর্টের জামিন আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। তবে তাদের বিরুদ্ধে দায়ের চার মামলার ওপর হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করা হয়েছে। জামিন বহাল থাকা তিন নেতা হলেন, বিএনপির সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, সাবেক বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও আওয়ামী লীগের সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগ তিন জনের জামিন আদেশ বহাল রাখেন। এর মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং জমি দখল সংক্রান্ত দুটি মামলা রয়েছে। এছাড়া, আলতাফ হোসেন চৌধুরী ও মহিউদ্দিন খান আলমগীরের একটি করে মামলায় জামিন বহাল রাখে আদালত। আপিল বিভাগের আদেশের পর একজনের আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম সাংবাদিকদের বলেন, "তাদের মুক্তির ক্ষেত্রে এখন কোনো আইনি বাধা নেই। তবে তাদের মামলাগুলোর ওপর হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত হওয়ায় নিম্ন আদালতে সেগুলোর কার্যক্রম চলবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/জিএনএ/