২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি অবস্থা প্রত্যাহার ও হাসিনাকে ছাড়া নির্বাচনে যাব না: জিল্লুর

শেখ হাসিনা ছাড়া এবং জরুরি অবস্থার মধ্যে কোনো অবস্থাতেই নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2008, 01:37 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনা ছাড়া এবং জরুরি অবস্থার মধ্যে কোনো অবস্থাতেই নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। সভানেত্রী শেখ হাসিনার অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলীয় সভায় তিনি এ ঘোষণা দেন। জিল্লুর রহমান বলেন, "কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে বাদ দিয়ে নির্বাচন করব না, করব না, করব না। তাকে ছাড়া দলের কাউন্সিলও করব না, করব না, করব না। জরুরি অবস্থায় নির্বাচন করব না, করব না, করব না।" নেতাকর্মীদের শপথ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "যতদিন না পর্যন্ত নেত্রীর (হাসিনা) মুক্তি হবে এবং তার বিরুদ্ধে দায়ের মামলা প্রত্যাহার না হবে ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে।" দলের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, "আগামী ৩০ অক্টোবরের মধ্যে শেখ হাসিনাকে নিঃশর্ত মুক্তি না দিলে অন্যরকম কর্মসূচি দিতে বাধ্য হব।" তিনি বলেন, "শেখ হাসিনার মুক্তির পরই নির্বাচনী কর্মকাণ্ড শুরু হবে।" শেখ হাসিনাকে ছাড়া কোনো নির্বাচন হতে পারে না, হবে না- মন্তব্য করে দলের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য আব্দুর রাজ্জাক বলেন, "যদি ১৮ ডিসেম্বরের নির্বাচন বানচালের চেষ্টা করা হয় তবে জনগণের সঙ্গে একাত্ম হয়ে তা প্রতিহত করা হবে।" সভায় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, "সব দলের অংশগ্রহণের মাধ্যমে দেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন চাইলে শেখ হাসিনার নিঃশর্ত মুক্তি ও তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করতে হবে।" সরকারকে উদ্দেশে তিনি আরো বলেন, "আপনারা যদি ভাবেন, শেখ হাসিনা দেশে ফিরলে বিমানবন্দরে গ্রেপ্তার করে আবার তাকে কারাগারে পাঠাবেন, তাহলে বোকার স্বর্গে বাস করছেন। তাকে যখন গ্রেপ্তার করেছিলেন সেই দিন আর এইদিন এক নয়।" জিল্লুর রহমানের সভাপতিত্বে এবং উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিলের পরিচালনায় প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন, সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল বোস, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, মাহমুদুর রহমান মান্না প্রমুখ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার সারাদেশেই প্রতিবাদ কর্মসূচিটি পালন করে দলটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসএনডি/এমএইচবি/২০৪২ ঘ.