ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছেন।
রোববার বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল হক ও বিচারপতি ফারাহ মাহবুবের বেঞ্চে মুজাহিদের জামিনের আবেদনটি উপস্থাপন করেন তার কৌঁসুলি ব্যারিস্টার আবদুর রাজ্জাক।
মুজাহিদের অপর কৌঁসুলি ব্যারিস্টার বেলায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " যে কোন সময় এ আবেদনটির ওপর শুনানি অনুষ্ঠিত হবে।"
আবেদনটি আগাম জামিনের হওয়ায় মুজাহিদকে হাইকোর্টের ওই বেঞ্চে হাজির হতে হবে। দুপুর শোয়া বারটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত তিনি হাইকোর্টে হাজির হননি।
মুজাহিদের জামিন আবেদনকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিটি প্রবেশ পথে গাড়ি তল্লাশী করছে আইন শৃংখলা বাহিনী।
জামায়াত-শিবিরের বিপুল সংখ্যক নেতা কর্মী সুপ্রিম কোর্টে জড়ো হয়েছেন।
গত ৮ অক্টোবর মুজাহিদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ মামলায় আগাম জামিনের আবেদনটি দায়ের করেছিলেন।
এ মামলায় মুজাহিদের জামিনের আবেদনের শুনানির জন্য তার কৌসুলিরা গত ১৫ অক্টোবর চেষ্টা করলেও এ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়নি।
ওই দিন প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন মুজাহিদের এ আবেদনটি বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল হকের নেতৃত্বের হাইকোর্টের বেঞ্চে পাঠালে ব্যারিস্টার আবদুর রাজ্জাক শুনানির আবেদন জানিয়েছিলেন। কিন্তু ওই আদালত ১৯ অক্টোবর এ আবেদনের শুনানির প্রার্থনা জানানোর জন্য আইনজীবীকে পরামর্শ দিয়েছিলেন।
এরপর ওইদিনই মুজাহিদের আইনজীবীরা বিচারপতি এ কে এম ফজলুর রহমানের নেতৃত্বের বেঞ্চে আবেদনটি নিয়ে গেলে ওই আদালতও ১৯ অক্টোবর শুনানির প্রার্থনা জানানোর পরামর্শ দেন।
গত ৫ অক্টোবর এ মামলায় ১৬ জনকে আসামী করে দুর্নীতি দমন কমিশন দুদকের উপ পরিচালক আবুুল কাশেম ফকির ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর মুজাহিদের বিরুদ্ধে এ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
অভিযোগপত্রে বলা হয়, চীনা প্রতিষ্ঠান কনসোর্টিয়াম অফ চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) সঙ্গে বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করায় সরকারের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি হয়েছে।
গত ২৬ ফেব্র"য়ারি খালেদা জিয়া ও সাবেক ১০ মন্ত্রীসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মোঃ সামছুল আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জিএনএ/১৩০০ ঘ.
bdnews24