২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাউনকে হাসিনার মুক্তির দাবির কথা বলেছে আ. লীগ

সভানেত্রী শেখ হাসিনার মুক্তি এবং আসন্ন নির্বাচনে তাকে অংশ নিতে দেওয়ার দাবির কথা সফররত ব্রিটিশ মন্ত্রী লর্ড মার্ক ম্যালোক ব্রাউনকে জানিয়েছে আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2008, 04:52 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সভানেত্রী শেখ হাসিনার মুক্তি এবং আসন্ন নির্বাচনে তাকে অংশ নিতে দেওয়ার দাবির কথা সফররত ব্রিটিশ মন্ত্রী লর্ড মার্ক ম্যালোক ব্রাউনকে জানিয়েছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার ব্রিটিশ হাইকমিশনে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ব্রিটিশ মন্ত্রীর সঙ্গে দেখা করে। প্রতিনিধি দলে ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ ও মতিয়া চৌধুরী এবং সাবেক কূটনীতিক ফারুক আহমেদ চৌধুরী। বৈঠক শেষে মতিয়া চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দেশের বর্তমান 'দমবন্ধ' পরিবেশ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেছি আমরা। তবে এজন্য আমরা কাউকে দায়ী করিনি।" তিনি বলেন, "শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলাটি মিথ্যা। কেন তাকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না- ব্রিটিশ মন্ত্রীর কাছে এ প্রশ্ন রেখেছি আমরা।" এদিকে বিকেলে এক সংবাদ সম্মেলনে ম্যালোক ব্রাউন জানিয়েছেন, শেখ হাসিনা বা খালেদা জিয়াকে আগামী নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখার ব্যাপারে কোনো আইনিভিত্তি নেই। মতিয়া চৌধুরী বলেন, "আমরা দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্তদের মনোনয়ন দেবো কিনা জানতে চান ব্রিটিশ মন্ত্রী। এর উত্তরে আব্দুর রাজ্জাক তাকে বলেছেন, বিষয়টি আদালতের রায়ের মাধ্যমে নিষ্পত্তি হবে।" বিকেলের সংবাদ সম্মেলনে ম্যালোক বলেছিলেন, দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্তদের কোনোভাবেই সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেয়া উচিত না। সাবেক কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী আরো বলেন, "একটি অর্থবহ নির্বাচনের জন্য জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি করে আসছে আওয়ামী লীগ। আমরা এই দাবি পুনর্ব্যক্ত করেছি। জরুরি অবস্থার কারণে কমনওয়েলথ সংসদীয় সংস্থা থেকে বাংলাদেশের সদস্য পদ বাতিল হতে পারে বলে ব্রিটিশ মন্ত্রীর কাছে শঙ্কা ব্যক্ত করেছেন তোফায়েল আহমেদ।" নির্বচন কমিশনে নিবন্ধিত হওয়ার আবেদন করায় আওয়ামী লীগের প্রশংসা করেন ম্যালোক ব্রাউন। দুদিনের সফরে বুধবার ঢাকা আসেন যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের এশিয়া, আফ্রিকা ও জাতিসংঘ বিষয়ক মন্ত্রী ম্যালোক ব্রাউন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এমএইচবি/২২০৯ ঘ.