২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের সঙ্গে মতৈক্যের আগে নিবন্ধন নয়: দেলোয়ার

সরকারের সঙ্গে 'মতৈক্যের' আগে বিএনপি নিবন্ধন করবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। এ জন্য সরকারের সঙ্গে আবার সংলাপে বসার আগ্রহের কথা জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2008, 09:13 AM

Updated : 26 Aug 2022, 02:31 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের সঙ্গে 'মতৈক্যের' আগে বিএনপি নিবন্ধন করবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। এ জন্য সরকারের সঙ্গে আবার সংলাপে বসার আগ্রহের কথা জানিয়েছেন তিনি। বিএনপি মহাসচিব বুধবার তার বাসায় সাংবাদিকদের বলেন, "সরকারের কাছে উত্থাপিত আমাদের দাবির বিষয়গুলো নিয়ে সমঝোতা না হওয়া পর্যন্ত আমরা (বিএনপি) নির্বাচন কমিশনে নিবন্ধনের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেব না।" সরকারের সঙ্গে সংলাপে মঙ্গলবার বিএনপি সাত দফা প্রস্তাব দেয় যা প্রকাশ্যে সুনির্দিষ্ট করে উল্লেখ করেনি দলটি। তবে সংলাপে কিছু বিষয়ে মতৈক্য হয়নি জানিয়ে বিএনপির পক্ষ থেকে আবারও আলোচনার ওপর জোর দেওয়া হয়। দলটির দাবিগুলোর মধ্যে রয়েছে জরুরি অবস্থা প্রত্যাহার ও খালেদা জিয়াসহ নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার। এদিকে রাজনৈতিক দলের নিবন্ধনে নির্বাচন কমিশনের (ইসি) সময়সীমা ২০ অক্টোবর পর্যন্ত। নির্বাচনে অংশ নিতে হলে নিবন্ধন করতে হবে বলে সিইসিসহ ইসি কর্মকর্তা জানিয়ে আসছেন। দেলোয়ার বলেন, "আগে তো নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে আলোচনা শেষ হতে হবে। এজন্য নিবন্ধনের সময়সীমার আগেই আমরা সরকারের সঙ্গে আবার সংলাপে বসতে চাই।" বিএনপি নিবন্ধনের জন্য কবে আবেদন করবে- সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, "সংলাপে ঐকমত্য না হওয়া পর্যন্ত আমরা নিবন্ধনের বিষয়টি চিন্তা করছি না।" মঙ্গলবারের সংলাপের ফলাফলের বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, "অনেক বিষয়েই আলোচনা হয়েছে। তবে তেমন কোনও ঐকমত্য হয়নি। তারা (সরকার) বলেছেন, আমাদের সঙ্গে আবার সংলাপে বসবেন। আশা করছি, ২০ তারিখের আগেই ওই বৈঠক হবে।" রাজনৈতিক দলের নিবন্ধনে ইসির সময়সীমা ১৫ অক্টোবর শেষ হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপি ও জামায়াতে ইসলামীর আবেদনের পরিপ্রেক্ষিতে তা আরও পাঁচ দিন বাড়ানো হয়। গঠনতন্ত্র সংশোধন করে আওয়ামী লীগসহ বেশ কয়েকটি দল নিবন্ধনের আবেদনপত্র ইসি থেকে তুলেছে। বুধবার দুপুরে আওয়ামী লীগের আবেদনপত্র জমাও দিয়েছে। তবে বিএনপি ও জামায়াত নতুন গণপ্রতিনিধিত্ব আদেশের কয়েকটি ধারার বিরোধিতা করে এর আওতায় নিবন্ধনে আপত্তি জানিয়ে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/এসকে/১৫০৬ঘ.