২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সমর্থনে ব্রিটিশ প্রতিমন্ত্রীর আহ্বান

গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারকে সমর্থন দিতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মন্ত্রী লর্ড ম্যালোশ ব্রাউন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2008, 10:09 AM

Updated : 26 Aug 2022, 02:30 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারকে সমর্থন দিতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মন্ত্রী লর্ড ম্যালোশ ব্রাউন। সরকারের গৃহীত সংস্কার কর্মসূচি সমর্থনের আহ্বানও জানান তিনি। বাংলাদেশ সফরের প্রাক্কালে এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান বলে মঙ্গলবার ঢাকায় যুক্তরাজ্য দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। যুক্তরাজ্যের আফ্রিকা, এশিয়া ও জাতিসংঘ বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রাউন দুই দিনের সফরে বুধবার ঢাকা আসছেন। লর্ড ব্রাউনকে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "বাংলাদেশের ইতিহাসের এমন একটি সঙ্কটপূর্ণ অবস্থায় ২০০৮ সালের মধ্যে নির্বাচিত সরকারের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর এবং তারপর দীর্ঘমেয়াদী, টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া উচিত।" যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী বলেন, সব বাংলাদেশীদের মতো যুক্তরাজ্যও একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ চায়। ম্যালোশ ব্রাউন বলেন, "এ জন্যই বিশ্বাসযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে, গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত হতে, নির্বাচনে অংশগ্রহণের অঙ্গীকার করতে এবং গত ২ বছরে প্রাতিষ্ঠানিক যে সব ইতিবাচক পরিবর্তন করা হয়েছে তা মেনে নিতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি আমরা।" যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী বাংলাদেশে সফরকালে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ, পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী, স্বরাষ্ট্র উপদেষ্টা এমএ মতিন, সেনাপ্রধান মইন উ আহমেদ এবং প্রধান দুই রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সাক্ষাত করবেন। এছাড়া সুশীল সমাজের প্রতিনিধি এবং মানবাধিকার কর্মীদের সঙ্গেও তিনি একটি গোলটেবিল বৈঠকে অংশ নেবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিপের ডটকম/কেআরসি/এফএফ/এমআই/১৬০৫ ঘ.