ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-দলীয় সভানেত্রী শেখ হাসিনার স্থায়ী মুক্তির দাবিতে আওয়ামী লীগ ১৯ অক্টোবর সারাদেশে প্রতিবাদ সভা করবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
সোমবার ধানমণ্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলের কার্যনির্বাহী সংসদের সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন," আজকের সভায় সিদ্ধান্ত হয়েছে দলীয় সভানেত্রী শেখ হাসিনার স্থায়ী মুক্তির দাবিতে আওয়ামী লীগ আগামী ১৯ অক্টোবর সারা দেশে প্রতিবাদ সভা করবে।"
তিনি বলেন "অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে জননেত্রী শেখ হাসিনার মুক্তি আবশ্যক। আশা করি সরকার তাকে নিঃশর্ত মুক্তি দেবেন, যেন দেশ নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারে।"
তিনি আরও বলেন, "ঘোষিত সময় অনুযায়ী ১৮ ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। কোন অবস্থাতেই নির্বাচন পেছানো যাবে না। আর নির্বাচনকে সংশয় মুক্ত করতে অনতিবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহার করতে করতে হবে।"
তিনি বলেন," আমরা বলেছি নেত্রীর ( শেখ হাসিনা) স্থায়ী মুক্তি দিতে হবে এবং জরুরি অবস্থা প্রত্যাহার করতে হবে। না হয় নির্বাচন সুষ্ঠু হবে না।"
সৈয়দ আশরাফ জানান, সভায় গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী দলের নিবন্ধন ও এ লক্ষ্যে গঠনতন্ত্রের কয়েকটি ধারা সংশোধন নিয়ে আলোচনা হয় এবং সর্বসম্মতি ক্রমে সংশোধনীগুলো গৃহীত হয়েছে।
আওয়ামী লীগ ১৫ অক্টোবরের আগেই নিবন্ধনের জন্য আবেদনপত্র নির্বাচন কমিশনের কাছে জমা দেবে জানিয়ে আশরাফ বলেন," আশা করি নিবন্ধন পেতে আমাদের কোন অসুবিধা হবে না।"
তিনি বলেন, "সংশোধনী অনুযায়ী দলের সহযোগী ও বিদেশের শাখা থাকবে। তবে সহযোগী সংগঠনগুলো তাদের নিজস্ব গঠনতন্ত্র অনুযায়ী চলবে। আর বিদেশী শাখা সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী চলবে।"
জাতীয় নির্বাচন অনুষ্ঠানের এক সপ্তাহের মধ্যে উপজেলা নির্বাচনের বিরোধীতা করে আশরাফ বলেন," সরকার যে সময়ে উপজেলা নির্বাচন করতে চাচ্ছে সেটা বাস্তবসম্মত নয়। আমরা চাই বাস্তব সম্মত সময়ে নির্বাচন হোক।"
তিনি বলেন,"বাস্তব সম্মত সময়ে উপজেলা নির্বাচনের দাবিতে প্রয়োজন হলে উপদেষ্টা ও নির্বাচন কমিশনের সঙ্গে অলোচনা করা হবে। এতেও না হলে প্রয়োজনে রাস্তায় আন্দোলন করা হবে।"
তিনি বলেন "আমরাও উপজেলা নির্বাচনের পক্ষে। আমরাও চাই এ নির্বাচন হোক। তবে সেটা বাস্তবস্মত সময়ে হোক।"
ব্যারিষ্টার রফিক উল হক, শফিক আহমেদ, আমীর উল ইসলাম ও ফজলে নূর তাপসকে হুমকি দিয়ে চিঠি দেওয়া এবং এক বিচারপতির বাসায় ককটেল নিক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন "জরুরী অবস্থার মধ্যে এসব হয় কি করে?"
তিনি এসব ঘটনায় দায়ীদের চিহ্নিত করে শাস্তির দাবি করেন।
ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম প্রমুখ।
তবে অসুস্থতার কারণে জিল্লর রহমান বৈঠক শেষ হওয়ার আগেই চলে যান। বেরিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় গঠনতন্ত্র সংশোধনী প্রস্তাব গৃহীত হয়েছে বলে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান।
ওই সময় সাংবাদিকরা সভার সিদ্ধান্ত জানতে চাইলে তিনি বলেন, "গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাব সভায় গৃহীত হয়েছে।"
আওয়ামী লীগের সহযোগী সংগঠন ও বিদেশ শাখা থাকবে এবং দলীয় সভানেত্রীর ক্ষমতা খর্ব হবে না বলে জানান তিনি।
নিবন্ধিত হতে আগামী ১৫ অক্টোবরের মধ্যে আওয়ামী লীগ নির্বাচন কমিশনে যাবে বলে ভারপ্রাপ্ত সভাপতি জানান।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে মুক্তি দিয়ে জরুরি অবস্থায় নির্বাচন করার প্রস্তাব এলে কী করবেন- সাংবাদিকরা জানতে চাইলে জিল্লুর বলেন, "অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।"
তিনি শেখ হাসিনার মুক্তি এবং জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি জানান।
নির্বাচন কমিশনে নিবন্ধন করতে গঠনতন্ত্র সংশোধনের লক্ষ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মুলতবি সভা সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শুরু হয়ে দুইটার পর শেষ হয়।
এর আগে গত শনিবার কার্যনির্বাহী সংসদের সভা হয়। সেদিন পৌনে চার ঘণ্টা বৈঠকের পর সভা সোমবার পর্যন্ত মুলতবি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/জিএনএ/১৬০০ ঘ.
bdnews24