কিশোরগঞ্জ, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালী উল্লাহ রাব্বানীর নেতৃত্বকে 'অবৈধ' উল্লেখ করে তাকে বয়কটের পাশাপাশি কঠোরভাবে প্রতিহতের ঘোষণা দিয়েছে দলের একটি অংশ।
বর্তমানে জেলা বিএনপির কোনো বৈধ কমিটি নেই উল্লেখ করে ওয়ালী উল্লাহ রাব্বানীর বিরুদ্ধে সাধারণ সম্পাদকের ভূয়া পরিচয় ব্যবহার করে অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ এনেছে এ অংশটি।
রোববার বিকেলে কিশোরগঞ্জ প্রেসক্লাব মুক্তমঞ্চে 'বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কিশোরগঞ্জ'- এ ব্যানারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রাব্বানীর বিরুদ্ধে অভিযোগ ও তাকে বয়কটের এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমান ভূঞা।
লিখিত বক্তব্যে বলা হয়, "রাব্বানীর ঔদ্ধত্যপূর্ণ, অশালীন ও অসদাচরণের কারণে দলের পরীক্ষিত এবং ত্যাগী নেতা-কর্মীরা ক্রমশ নিস্ক্রিয় হয়ে পড়ছেন।"
এ অবস্থায় সৎ যোগ্য ও ত্যাগী নেতা-কর্মীদের দিয়ে অবিলম্বে জেলা কমিটি গঠনের জন্য দলের চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি অনুরোধ জানানো হয়।
অধ্যক্ষ হাবিবুর রহমান ভূঞা বলেন, "বর্তমানে জেলা বিএনপির কোনো কমিটি নেই। সাধারণ সম্পাদক পরিচয়ে যিনি কর্মকাণ্ড চালাচ্ছেন তা অবৈধ। এতে নেতা-কর্মীরা বিভ্রান্ত হচ্ছেন।"
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন, জেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম মোল্লা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল আলম জাহাঙ্গীর, ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ সুমন।
এছাড়া জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ জালাল আহমেদ, জেলা কৃষক দলের সভাপতি মাঈন উদ্দীন আহমেদ, জেলা যুবদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দীন খান নয়ন, জেলা জিয়া পরিষদের সভাপতি আলমগীর শাহজাহান রেজা, জেলা জাসাসের সাবেক সভাপতি অসীম সরকার বাঁধন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদুল হাসান, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মেসবাহ উদ্দীন শামীম প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১০ ঘ.
bdnews24