২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদের আসন সীমানা নিয়ে ইসির আবেদনের শুনানি মঙ্গলবার

জাতীয় সংসদের আসন সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত গেজেটের কার্যকারিতা স্থগিতের আদেশ খারিজ চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) করা আবেদনের ওপর আগামী মঙ্গলবার হাইকোর্টে শুনানি হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2008, 11:02 AM

Updated : 26 Aug 2022, 02:29 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের আসন সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত গেজেটের কার্যকারিতা স্থগিতের আদেশ খারিজ চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) করা আবেদনের ওপর আগামী মঙ্গলবার হাইকোর্টে শুনানি হবে। ইসির আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর বেঞ্চ রোববার এ তারিখ ধার্য করেন। ইসির পক্ষে অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম ও ড. শাহদীন মালিক আদালতে বলেন, সীমানা পুনর্নির্ধারণের বিষয়টি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়। এর ফয়সালা না হলে আগামী জাতীয় সংসদ নির্বাচণের তফসিল ঘোষণা করা যাচ্ছে না। পরে শাহদীন মালিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জাতীয় সংসদের সীমানা পুনর্নির্ধারণের গেজেটের কার্যতারিতা স্থগিতের আদেশ খারিজের জন্য নির্বাচন কমিশনের দায়ের করা আবেদের শুনানি আগামী মঙ্গলবার হবে। আদালতের কার্যতালিকায় বিষয়টি সেদিন সবার ওপরে থাকবে।" এদিকে সীমানা পুনর্নির্ধারণের গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের ওপর পূর্ণাঙ্গ শুনানির জন্য হাইকোর্টে আবেদন জানানো হয়েছে। বিচারপতি মীর হাসমত আলী ও বিচারপতি শামীম হাসনাইনের বেঞ্চে রিটকারী আবদুল মান্নানের পক্ষে রোববার এ আবেদন জানান অ্যাডভোকেট জয়নুল আবেদীন। অ্যাডভোকেট জয়নুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রিটটির ওপর কবে পূর্ণাঙ্গ শুনানি হবে, এ বিষয়ে সোমবার আদেশ দেবে আদালত।" গত ৬ আগস্ট সাবেক বিমান প্রতিমন্ত্রী ও ঢাকা-২ নবাবগঞ্জ আসনে বিএনপির সাবেক সাংসদ আবদুল মান্নান হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৭ আগস্ট জাতীয় সংসদের সীমানা পুননির্ধারণের গেজেটের কার্যতারিতা তিন মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট। পাশাপাশি ওই গেজেট কেন সংবিধান পরিপন্থী ও বাতিল ঘোষণা করা হবে না, তার কারণ জানতে চেয়ে ইসি ও সরকারের প্রতি রুল জারি করা হয়। গত ১০ জুলাই জাতীয় সংসদের ৩০০ আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট জারি করা হয়। এর আগে গত ২৯ এপ্রিল ইসি সীমানা পুনর্নির্ধারণ করে। এতে ১৩৩ আসনের সীমানার পরিবর্তন আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৬৫৫ ঘ.