২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি দমনে দীর্ঘ মেয়াদী কার্যক্রম প্রয়োজন: হাসান মশহুদ

কিছু লোককে জেলে আটকে রেখে দুর্নীতির মূল উৎপাটন হবে না; বরং দুর্নীতি দমনের জন্য দীর্ঘ মেয়াদী কার্যক্রম প্রয়োজন বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2008, 10:10 AM

Updated : 26 Aug 2022, 02:29 PM

বরিশাল, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিছু লোককে জেলে আটকে রেখে দুর্নীতির মূল উৎপাটন হবে না; বরং দুর্নীতি দমনের জন্য দীর্ঘ মেয়াদী কার্যক্রম প্রয়োজন বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী। তিনি বলেন, "দুশ', চারশ' অথবা ছয়শ' লোককে যদি আমি জেলে আটকে রাখি, তাহলে সমাজ থেকে দুর্নীতির মূল উৎপাটন হবে না। এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি কার্যক্রম। দুর্নীতি দমনে আমরা আগামীতে নির্বাচিত সরকারের সঙ্গে সমন্বয় করে আমাদের কার্যক্রম অব্যাহত রাখব।" রোববার বরিশালে শেরে বাংলা মেডিকেল কলেজ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ বিষয়ক এক মতবিনিময় সভায় হাসান মশহুদ এ কথা বলেন। সরকারের সঙ্গে সমন্বয় না করে কোন কমিশনই স্বাধীনভাবে কাজ করতে পারবে না বলে মন্তব্য করেন তিনি। দুদক চেয়ারম্যান এই ব্যাপারে উদাহরণ হিসেবে বিএনপি সরকারের সময় নির্বাচন কমিশনের সঙ্গে বৈরি সম্পর্কের কারণে ইসির বেতন বন্ধ করে দেওয়ার কথা উল্লেখ করেন। মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তারা বলেন, বেসরকারি চাকরির চেয়ে সরকারি চাকরিতে বেতন কম, যা দুর্নীতির একটি কারণ। এর জবাবে হাসান মশহুদ বলেন, "আওয়ামী লীগ ও বিএনপি সরকার তাদের সময়ে সরকারি কর্মকর্তাদের সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা দিয়েছিল। কিন্তু ওই সময়ই বাংলাদেশ দুর্নীতিতে শীর্ষে ছিল।" তিনি বলেন, "শুধু বেতন বাড়ালেই যদি দুর্নীতি কমতো তাহলে আমি বরিশালে না এসে অর্থ মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে বেতন বাড়ানোর জন্য আলোচনা করতে যেতাম।" মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মেজবাউল আলম, পুলিশের ভারপ্রাপ্ত উপ মহাপরিদর্শক (ডিআইজি) মকবুল হোসেন, জেলা প্রশাসক মুশফিক আহমেদ শামীম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬০৩ ঘ.