চট্টগ্রাম, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েণ্টিফোর ডটকম)- সদ্য কারামুক্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর পাসপোর্ট ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
মেয়রের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার চট্টগ্রাম মহানগর হাকিম আদালতের বিচারক হেলাল চৌধুরী এ নির্দেশ দেন।
আদালত মেয়রের আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর জিম্মায় পাসপোর্ট ফেরত দেওয়ার জন্য পুলিশ বিভাগকে নির্দেশ দিয়েছে।
আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন চৌধুরী বর্তমানে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন।
সাইমুল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালত মেয়রের পাসপোর্ট ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন। এটি পাঁচলাইশ থানায় রয়েছে। আদালতের আদেশের কপি নিয়ে আমরা থানায় গিয়ে পাসপোর্টটি তুলব।"
মেয়রের অপর আইনজীবী ইব্রাহিম হোসেন বাবুলও আদালতে আবেদন জানানোর সময় উপস্থিত ছিলেন।
দীর্ঘ এক বছর ৭ মাস কারাভোগের পর গত ৮ অক্টোবর জামিনে ছাড়া পান মেয়র মহিউদ্দিন। তাকে ২০০৭ সালের ৭ মার্চ গ্রেপ্তার করা হয়। ওই সময়ই তার পাসপোর্ট জব্দ করে পুলিশ।
মহিউদ্দিনের আইনজীবী হরিসাধন দেব ব্রহ্মণ জানান, তার (মহিউদ্দিন) বিরুদ্ধে মোট ২২টি মামলার তিনটি আদালত খারিজ করে দিয়েছে। চারটিতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। বাকি মোট ১৫টির সবকটিতেই জামিন নিয়ে বন্দিদশা থেকে ছাড়া পান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৪৫৩ ঘ.
bdnews24