রাজশাহী, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী-৫ (চারঘাট-বাঘা) আসনে সংসদ নির্বাচনে স্থানীয় নেতাদের মধ্যে থেকে প্রার্থী মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছে ওই আসনের বিএনপির নেতাকর্মীরা।
শনিবার দুপুরে স্থানীয় পৌরভবনের হলরুমে চারঘাট উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করে এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা বলেন, বিগত সময়ে চারঘাট-বাঘা এলাকার বাইরের নেতাদের মনোনয়ন দেওয়া হয়েছে। দলের সিদ্ধান্ত মেনে নিয়ে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তাদের পক্ষে কাজ করেছেন। জয়ী হয়ে ওইসব নেতারা এলাকার উন্নয়নের পরিবর্তে নিজেদের উন্নয়ন করেছেন। এ নিয়ে এলাকার ভোটারদের কাছে স্থানীয় নেতা-কর্মীদের জবাবদিহি করতে হচ্ছে।
আগামী সংসদ নির্বাচনে তারা বিএনপি থেকে স্থানীয় নেতা আবু সাঈদ চানকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, চারঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুস সালাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম বিকুল, সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক, বিএনপি নেতা আলতাফ হোসেন মন্টু, নজরুল ইসলাম ইসলাম, মোখলেসুর রহমান বাচ্চু প্রমুখ।
এ সময় বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজশাহী-৫ আসনে গতবার বিএনপিদলীয় সাংসদ ছিলেন কবীর হোসেন। তিনি ১৯৯১ থেকে ২০০১ পর্যন্ত তিনটি সংসদ নির্বাচনে এ আসন থেকে জয়ী হন। কবীর হোসেন বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৯ ঘ.
bdnews24