ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভেদ ভুলে এক সঙ্গে কাজ করার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সহসভাপতি তরিকুল ইসলাম।
সদ্য কারামুক্ত এ নেতা দাবি করেছেন, চার দলকে বাদ দিয়ে কোনও নির্বাচনই গ্রহণযোগ্যতা পাবে না।
সাবেক মন্ত্রী তরিকুল এক বছরের বেশ সময় আটক থাকার পর গত ৭ সেপ্টেম্বর বন্দিদশা থেকে জামিনে ছাড়া পান।
শুক্রবার বিএনপির ঢাকা মহানগরীর রমনা থানাসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের এক দল নেতা-কর্মী শান্তিনগরে তরিকুলে বাসায় যান। তারা কারামুক্ত নেতাকে ফুলেল শুভেচ্ছা জানান।
ওই সময় তরিকুল ইসলাম নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, "আর বিভেদ নয়, ঐক্যবদ্ধ হতে হবে। সব বিভেদ ভুলে গিয়ে নির্বাচন ও আন্দোলন উভয়ের জন্য আমাদের প্রস্তুত হতে হবে।"
তিনি বলেন, "চার দলকে বাদ দিয়ে দেশের মাটিতে কোনও নির্বাচনই গ্রহণযোগ্য হবে না।"
জাতীয় নির্বাচনে জয়ের বিষয়ে আশাবাদী তরিকুল বলেন, "গত নির্বাচনে বিএনপির নেতৃত্বে চার দলীয় জোট দুই-তৃতীয়াংশ আসন পেয়েছিল। জনগণের রায় নিয়ে আমরা তিন বার ক্ষমতায় গিয়েছি। ঐক্যবদ্ধভাবে কাজ করলে আবার যাব।"
অসুস্থ তরিকুল আজ-কালের মধ্যে হাসপাতালে ভর্তি হবেন জানিয়ে রোগমুক্তির জন্য সবার কাছে দোয়াও চান।
রমনা থানা বিএনপির নেতাদের মধ্যে তোফাজ্জল হোসেন, সোহরাব হোসেন, সাহাবুদ্দিন মিন্টু প্রমুখ ওই সময় উপস্থিত ছিলেন।
এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব আবদুল হালিমসহ কয়েকজন সাবেক সাংসদ ও যশোরের এক দল নেতা-কর্মীও শুক্রবার তরিকুলের সঙ্গে দেখা করেন।
তরিকুল ইসলামকে ২০০৭ সালের ফেব্র"য়ারি মাসে তার যশোরের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪০১ ঘ.
bdnews24