ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার ও নির্বাচন কমিশনকে সব ধরনের উদ্যোগ ও পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
বৃহস্পতিবার দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
সৈয়দ আশরাফ বলেন, "আমরা সব রাজনৈতিক দলের অংশগ্রহণে আগামী সাধারণ নির্বাচন চাই। যদি কোনো দল নির্বাচনে অংশ নিতে আপত্তি করে সেক্ষেত্রে সরকার ও নির্বাচন কমিশনকে তাদের সঙ্গে আলোচনা করে খুঁজে বের করতে হবে, কি কারণে তারা নির্বাচন করতে চায় না এবং তা নিরসন করতে হবে।"
শেষ পর্যন্ত সব দলই নির্বাচনে অংশ নেবে এমন আশাবাদ জানিয়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, "আমরা আগামী নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হলে ১৯৭২ এর সংবিধানে ফিরে যাবো।"
নির্বাচন কমিশনে নিবন্ধনের বিষয়ে তিনি বলেন, "রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন করার জন্য গঠনতন্ত্রের কিছু ধারা সংশোধন করবে আওয়ামী লীগ। আগামী শনিবার দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে। দলের তৃণমূল পর্যায় থেকে মনোনয়ন দেওয়া, ২০২০ সালের মধ্যে দলের ৩৩ ভাগ মহিলা কোটা নিশ্চিতকরণ, অঙ্গ সংগঠন না থাকলেও সহযোগী সংগঠন থাকা এবং দলের গঠনতন্ত্রে তা উল্লেখ করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে।"
রাজনৈতিক দলের সহযোগী সংগঠন বিষয়ে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন, গত বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় তারা সহযোগী সংগঠন রাখার বিষয়ে তাদের দলীয় অবস্থান তুলে ধরেছেন এবং কমিশন তা মেনে নিয়েছে।
মঙ্গলবার দলের সভাপতিমণ্ডলীর বৈঠক শেষে সহযোগী সংগঠন থাকবে না বলে বক্তব্য দিয়েছিলেন সৈয়দ আশরাফ।
সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) মেনে নিবন্ধন করলে সভানেত্রীর ক্ষমতা খর্ব হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, "আরপিও'র অধিকাংশ শর্ত আওয়ামী লীগের ৩১ ও ২৩ দফায় ছিল, পরে সেগুলো নির্বাচন কমিশনও বলেছে। কাজেই আরপিও মেনে নিবন্ধন করলে আওয়ামী লীগ, শেখ হাসিনা বা নির্বাচন কমিশন কারোরই ক্ষমতা খর্ব হবে না।"
দলীয় প্রার্থীদের মনোনয়ন দেওয়ার প্রাথমিক কাজ শুরু হয়েছে জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, "গত ২২ জানুয়ারীর বাতিল হওয়া নির্বাচনে মনোনীতদের তালিকা এবং আগের দু'একটি নির্বাচনের মনোনীতদের তালিকাও পর্যালোচনা করছেন এবং মাঠ পর্যায়ের খোঁজ-খবর নিচ্ছেন তারা। তবে, মনোনয়ন প্রক্রিয়ায় তৃণমূল থেকেই প্রার্থী নির্বাচন করাকে গুরুত্ব দেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/টিএইচ/জিএনএ/১৭৪১ ঘ.
bdnews24