২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে দেশি পর্যবেক্ষক রাখার পক্ষে বিএনপি

আসন্ন সংসদ নির্বাচনে দেশি-বিদেশি পর্যবেক্ষক রাখার পক্ষে বিএনপি। দেশি পর্যবেক্ষক রাখার বিরোধিতা করে প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের দেওয়া বক্তব্যের একদিন পর বিএনপি একথা বলল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2008, 02:45 PM

Updated : 26 Aug 2022, 02:28 PM

ঢাকা, অক্টোবর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন সংসদ নির্বাচনে দেশি-বিদেশি পর্যবেক্ষক রাখার পক্ষে বিএনপি। দেশি পর্যবেক্ষক রাখার বিরোধিতা করে প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের দেওয়া বক্তব্যের একদিন পর বিএনপি একথা বলল। বুধবার বিকালে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ইউএনডিপি'র একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার বলেন,''আমরা নির্বাচনে দেশী-বিদেশেী পর্যবেক্ষক চাই। সুষ্ঠু নির্বাচনের জন্য পর্যবেক্ষক প্রয়োজন।'' ইউএনডিপি'র শ্যারিওল্ফ-এর নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল বিএনপির মহাসচিবের সঙ্গে সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণে একটি প্রকল্প নিয়ে আলোচনা করে। প্রতিনিধি দলে ইউএনডিপি'র আবাসিক প্রতিনিধি রেনেটা ল্যাক ডিসালিওনও ছিলেন। বৈঠকের পর দেলোয়ার সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঙ্গলবার জরুরি অবস্থা নিয়ে উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের বক্তব্যকে 'দু;খজনক' অভিহিত করে বলেন,'' আমরা সরকারের সঙ্গে সংলাপে যাব। ঠিক সেই মুর্হুতে তার কাছ থেকে এমন বক্তব্য আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। উপদেষ্টার এ কথায় জনমনে যে আশঙ্কা রয়েছে, তা আরও ঘণীভূত হয়েছে। কারণ জরুরি অবস্থার মধ্যে মানুষের কোনো মৌলিক অধিকার থাকে না। সেক্ষেত্রে ভোট দেবে কি করে। জরুরি অবস্থার মধ্যে মানুষের ভীতি কাজ করে।'' মঙ্গলবার বানিজ্য উপদেষ্টা সাংবাদিকদের জানান, জনগনের নিরাপত্তার কথা বিবেচনা রেখে জরুরি অবস্থায় নির্বাচন হবে। ইউএনডিপি'র অর্থায়নে সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরনের একটি নতুন প্রকল্প নিয়ে আলোচনা হয় বিএনপির। এক ঘন্টার বেশি সময় বৈঠক করার পর রেনেটা ল্যাক ডেসালিওন সাংবাদিকদের বলেন,''সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণ প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের সংসদকে আরও শক্তিশালী করতে ইউএনডিপি সহযোগিতা করতে চায়।'' তিনি জানান, ১৯৯৬-২০০৭ সাল পর্যন্ত ইউএনডিপি'র আর্থিক সহযোগিতায় সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণ একটি প্রকল্প শেষ হয়েছে। আরও একটি প্রকল্পের বিষয়ে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে তাদের। নির্বাচন বিষয়ে কোনো আলাপ হয়েছে কিনা জানতে চাইলে রেনেটা 'না' সূচক জবাব দেন। তবে খোন্দকার দেলোয়ার সাংবাদিকদের জানান, ইউএনডিপি আরও একটি দশবছর মেয়াদি প্রকল্প নিয়ে আলোচনা করেছে। বিএনপির পক্ষ থেকে ওই সম্ভাব্য প্রকল্পে সব ধরণের সহযোগিতা আশ্বাসও দিয়েছেন বলে জানান তিনি। জাতীয় সংসদের সাবেক প্রধান হুইপ খোন্দকার দেলোয়ার বলেন,'' সংসদীয় গণতন্ত্র আরও শক্তিশালী করতে আমরা ইউএনডিপির সহায়তা চাই। সংসদের কার্যপ্রণালী বিধি ও সংসদীয় কমিটিগুলোকে আরও সক্রিয় করে কিভাবে সংসদ কাজ করতে পারে, সে বিষয়ে আমরা কিছু প্রস্তাবনা ও পরামর্শও দিয়েছি। নতুন প্রকল্পটির পক্ষে আমরা কথা বলেছি।'' নতুন এ প্রকল্পের আওতায় সাংসদ ও সংসদের কর্মকর্তা-কর্মচারিদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তাও থাকবে বলে জানান তিনি। খোন্দকার দেলোয়ারের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি আরও ছিলেন, যুগ্ম মহাসচিব সেলিমা রহমান, সাবেক প্রতিমন্ত্রী আবদুল মান্নান, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ ও ব্যারিস্টার নওশাদ জমির। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১৯৩৬ ঘ.