ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড় পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদের জামিন না মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগের চেম্বার জজ আদালত। গত ৬ জুন করা জামিন আবেদনের শুনানিতে বুধবার চেম্বার বিচারপতি জয়নাল আবেদিনের নির্দেশের পরিপ্রেক্ষিতে মুজাহিদ নতুন করে হাইকোর্টে জামিন আবেদন করেছেন।
বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল হক ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর অবকাশকালীন বেঞ্চে দুপুরের দিকে এই আবেদন করা হয়েছে।
হাইকোর্টে নতুন করে জামিন আবেদন করার পর তার আইনজীবীরা বিষয়টি নিয়ে প্রধান বিচারপতি এমএম রুহুল আমিনের কাছে গেলে তিনি তাদের অবকাশকালীন বেঞ্চগুলোর কাছে যাওয়ার পরামর্শ দেন।
মুজাহিদের প্রধান কৌঁসুলি ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেছেন, "এই আবেদনের ওপর যে কোনও দিন আদালতে বা বিচারপতিদের বাসায় শুনানি হতে পারে।" আবেদনটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মুজাহিদকে গ্রেপ্তার করা আইন সম্মত হবে না বলে তিনি দাবি করেনে।
চেম্বার জজের আদেশের পর মুজাহিদ সাংবাদিকদের বলেন, "বড়পুকুরিয়া মামলায় দেওয়া অভিযোগপত্র উদ্দেশ্যমূলক ও ষড়যন্ত্রপূর্ণ।"
তিনি বলেন, "এই মামলায় প্রথম তদন্ত কর্মকর্তা চুড়ান্ত প্রতিবেদন (ফাইনাল রিপোর্ট) দিয়েছিলেন। এতে সন্তুষ্ট না হয়ে দুর্নীতি দমন কমিশন আবার তদন্ত করে। তারা ফরমায়েশি একটি অভিযোগপত্র দিয়েছে। এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে।"
বড়পুকুরিয়া খনি দুর্নীতি মামলার ১৬ আসামির মধ্যে বিগত চারদলীয় জোট সরকারের মন্ত্রী সাইফুর রহমান, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, ব্যারিস্টার আমিনুল হকসহ নয় জনের বিরুদ্ধে সোমবার গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেয় বিচারিক আদালত। গ্রেপ্তারসংক্রান্ত প্রতিবেদেন আগামী ১২ অক্টোবর আদালতে জমা দিয়ে বলা হয়েছে।
অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ কাজ একটি চীনা প্রতিষ্ঠানকে পাইয়ে দেওয়ার অভিযোগে চলতি বছরের ২৬ ফেব্র"য়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলাটি দায়ের করা হয়। গত রোববার সব আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন।
অভিযোগপত্রে বলা হয়েছে, চীনা প্রতিষ্ঠান কনসোর্টিয়াম অফ চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) সঙ্গে বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করায় সরকারের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জিএমএ/এমএইচবি/১৮৪৩ ঘ.
bdnews24