ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আওয়ামী লীগ বুধবার নির্বাচন কমিশন থেকে ফরম সংগ্রহ করেছে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান ও উপ-দপ্তর সম্পাদক বিএম মোজাম্মেল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দুপুর সোয়া ১টার দিকে নির্বাচন কমিশনের উপসচিব জেসমিন টুিলর কাছ থেকে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় ফরম ও কাগজপত্র সংগ্রহ করেন।
আওয়ামী লীগের পক্ষ থেকে এর আগেই বলা হয়েছিল, বুধবার নিবন্ধনের ফরম সংগ্রহ করা হবে এবং আগামী শনিবার দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে গঠনতন্ত্রের প্রয়োজনীয় সংশোধন শেষে ১৫ অক্টেবরের মধ্যে নিবন্ধনের জন্য আবেদন করা হবে।
এ নিয়ে বুধবার পর্যন্ত শতাধিক রাজনৈতিক দল নির্বাচন কমিশন থেকে মোট ১২১টি ফরম সংগ্রহ করেছে। এর মধ্যে নিবন্ধনের জন্য আবেদনপত্র জমা দিয়েছে আটটি দল।
দলগুলো হলো- কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), জাতীয় পার্টি (জেপি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ফ্রিডম পার্টি, নির্দলীয় জন আন্দোলন ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)।
কমিশন গত ২৬ আগস্ট ফরম দেয়া শুরু করে। নিবন্ধনের জন্য ১৫ অক্টোবরের মধ্যে ফরম সংগ্রহ ও জমা দিতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/জেকে/এমএইচবি/১৭৪০ ঘ.
bdnews24