২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতাবিরোধীদের সুবিধা নিশ্চিত করতে আরপিও পরিবর্তন করা হচ্ছে: রাজ্জাক

কোনও বিশেষ দলের জন্য বাড়তি সুযোগ - সুবিধা নিশ্চিত করার জন্য গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে (আরপিও) পরিবর্তন আনা হচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2008, 06:48 AM

Updated : 26 Aug 2022, 02:28 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- কোনও বিশেষ দলের জন্য বাড়তি সুযোগ - সুবিধা নিশ্চিত করার জন্য গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে (আরপিও) পরিবর্তন আনা হচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক। সোমবার সকালে রাজধানীর টিকাটুলীর রাম সীতা মন্দিরে দুস্থ মহিলাদের মধ্যে শাড়ি বিতরণের পর আব্দুর রাজ্জাক সাংবাদিকদের এসব কথা বলেন। শেখ হাসিনার পক্ষ থেকে এ শাড়ি বিতরণ করা হয় বলে জানানো হয়েছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, "শোনা যাচ্ছে কোন একটা দলকে সুযোগ-সুবিধা দেওয়ার জন্য আর পি ও'তে পরিবর্তন করা হচ্ছে।" 'বিশেষ দল' বলতে কাদের বোঝাতে চাচ্ছেন সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে রাজ্জাক বলেন, "এটা তো বোঝাই যায়, যারা স্বাধীনতাবিরোধী। এখনো যারা বাংলাদেশের স্বাধীনতা মানে না। যারা মুক্তিযুদ্ধের সময় তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চায়নি। যারা মুক্তিযুদ্ধকে গৃহযুদ্ধ বলার মতো ধৃষ্টতা দেখায় - তাদের সুযোগ করে দেওয়া হচ্ছে।" রাজ্জাক এসময় অভিযোগ করেন, স্বাধীনতাবিরোধীরা ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে বাংলাদেশের বিভিন্ন ধর্মাবালম্বীদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাচ্ছে। আব্দুর রাজ্জাক উপজেলা নির্বাচন একমাস পিছিয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতিও আহবান জানান। এখনো যুদ্ধাপরাধীদের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন,"শহীদ জননী জাহানারা ইমামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু, যারা যুদ্ধাপরাধী তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা হয়নি।" শেখ হাসিনা দেশে ফিরলে তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহবান জানান রাজ্জাক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/১২৩৭ঘ.