২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন না হলে জনগণ তা মানবে না: আশরাফ

ঘোষিত সময় সূচি অনুযায়ী সংসদ নির্বাচন না হলে জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। দলের নির্বাচনী প্রস্ততি চলছে জানিয়ে তিনি বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলেই মহাজোটসহ নির্বাচন সংক্রান্ত সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2008, 11:16 AM

Updated : 26 Aug 2022, 02:27 PM

সুমন মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যৈষ্ঠ প্রতিবেদক ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘোষিত সময় সূচি অনুযায়ী সংসদ নির্বাচন না হলে জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। দলের নির্বাচনী প্রস্ততি চলছে জানিয়ে তিনি বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলেই মহাজোটসহ নির্বাচন সংক্রান্ত সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জানিয়েছেন, সুযোগ পেলেই ১৯৭২ এর সংবিধানে ফিরে যাবে আওয়ামী লীগ। তিনি আরও বলেছেন, তার দল আন্তর্জাতিক আইনেই যুদ্ধাপরাধীদের বিচার চায়। কয়েকটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রোববার দেওয়া এক সাক্ষাতকারে সৈয়দ আশরাফ এসব কথা বলেন। ১৮ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে আশাবাদ প্রকাশ করে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, "জনগণের সঙ্গে সরকারের একটি সামাজিক চুক্তি হয়েছে। যদি সময়মতো নির্বাচন না হয়, তাহলে জনগণ তা মেনে নেবে না।" তবে এই মুহূর্তে নির্বাচন না হওয়ার কোনও আশঙ্কা দেখছেন না সৈয়দ আশরাফ। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপিও নির্বাচনে অংশ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি। উপজেলা নির্বাচন নিয়েও সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমঝোতা হবে বলে মনে করেন আওয়ামী লীগের এই নেতা। তবে নির্বাচনের আগে জরুরি অবস্থা তুলে নেওয়ার দাবি আবার জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, "জনগণ যেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সে জন্য যত কঠোর আইন দরকার তা সরকার করুক। কিন্তু, এর জন্য জরুরি অবস্থার দরকার নেই।" যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে, তারা আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না বলে বেশ কয়েকটি জাতীয় দৈনিকে যে খবর প্রকাশ হয়েছে- তার প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে সৈয়দ আশরাফ বলেন, "কেউ বিচারিক আদালতে সাজাপ্রাপ্ত হলেই নির্বাচনে অযোগ্য হয়ে যায় না। এরশাদ সাহেবও বিচারিক আদালতে সাজাপ্রাপ্ত হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন।" দুর্নীতির মামলায় শেখ হাসিনার জামিন না হওয়া, খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ এবং গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে বলে মনে করেন কি না- জানতে চাওয়া হলে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, "নির্বাচনের ক্ষেত্রে এগুলো কোনও কিছুই বাধা হবে না। নির্বাচনের আগেই এসব বিষয়ে সমাধান হয়ে যাবে।" নবম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের প্রস্তুতির কথা জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, "শেখ হাসিনা দেশে ফেরার আগেই আওয়ামী লীগ নির্বাচন কমিশনে রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন, নির্বাচনী ইশতেহার, নির্বাচনে প্রচারের কৌশল এবং আসন ভাগাভাগির প্রাথমিক আলোচনা শেষ করে রাখবে। নেত্রী দেশে ফিরার পরই এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।" যুক্তরাষ্ট্রে অবস্থানরত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কবে ফিরছেন জানতে চাইলে সৈয়দ আশরাফ বলেন, "আশা করছি, তিনি এ মাসের মধ্যেই ফিরবেন।" দলের নির্বাচনী ইশতেহারে কী কী বিষয় সংযোজন করা হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, "শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, গণতন্ত্রায়ণসহ বর্তমান সময়ের অলোকেই কিভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায়, মুদ্রাস্ফীতি কমানো যায়, দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখো যায়- এ সব কিছু রেখেই ইশতেহার ঢেলে সাজানো হবে।" যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে সৈয়দ আশরাফ বলেন, "আওয়ামী লীগ চায়, আন্তর্জাতিক আইনেই '৭১ এর যুদ্ধাপরাধীদের বিচার হোক।" ১৯৭২ এর সংবিধানে ফিরে যাওয়ার আকাক্সক্ষার কথা জানিয়ে তিনি বলেন, "আমরা (আওয়ামী লীগ) '৭২'র সংবিধানে বিশ্বাস করি। সুযোগ এলেই আমরা ওই সংবিধানে ফিরে যাব।" মহাজোট গঠনের বিষয়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, "অনেকে নেতাই ঢাকার বাইরে রয়েছেন। ঈদের পর পূজার ছুটির পর ফিরবেন। কয়েকজন কেন্দ্রীয় নেতা দেশের বাইরে রয়েছেন। সবাই ফিরলে আমরা মহাজোটের বিষয়ে বৈঠকে বসব।" তিনি বলেন, "মহাজোটের বিষয়ে আমরা প্রাথমিক কাজ করে রাখব। নেত্রী (শেখ হাসিনা) ফেরার পর চূড়ান্ত সিদ্ধান্ত হবে। অনেকেই মহাজোটে আসতে চায়। এ বিষয়ে আমরা ১৪ দলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেব।" মহাজোটের চেয়ে ১৪ দলকেই আওয়ামী লীগ বেশি গুরুত্ব দিচ্ছে কিনা- জানতে চাইলে আশরাফ বলেন, "১৪ দল হলো আমাদের আদর্শিক জোট। আর মহাজোট হচ্ছে নির্বাচনী জোট।" সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে ৬০ দেওয়া না হলে মহাজোটে থাকবেন না বলে এইচএম এরশাদের হুঁশিয়ারির বিষয়ে তিনি বলেন, "এরশাদ সাহেব আমাদের কোনও আলটিমেটাম দেননি। সময় এলেই দেখা যাবে। শরিকদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই আসন ভাগাভাগির বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।" "আসন ভাগাভাগির বিষয়ে সবাইকে ছাড় দিতে হবে", বলেন আশরাফ। তিনি জানান, নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য গঠনতন্ত্র সংশোধন করার লক্ষ্যে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ বৈঠকে বসবে। এরপরই তারা নিবন্ধনের জন্য আবেদন করবেন। এবারের নির্বাচনী প্রচারে আওয়ামী লীগ তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করবে বলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৭১৫ ঘ.