ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের অবিলম্বে মুক্তি দাবি করেছে ছাত্রলীগ।
সংগঠনের পক্ষ থেকে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে দুপুরে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
এতে জরুরি অবস্থা প্রত্যাহার করে নির্বাচন অনুষ্ঠান এবং আগস্টের ছাত্র বিক্ষোভের ঘটনায় সারাদেশে দায়ের করা সব মামলা প্রত্যাহারেরও দাবি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন অভিযোগ করেন, সরকার শেখ হাসিনাকে মিথ্যা মামলায় সাজানো বিচারের মাধ্যমে দণ্ড দিয়ে নির্বাচনে অযোগ্য ঘোষণার পায়তারা চালাচ্ছে। ব্যবসায়ী আজম জে চৌধুরী নিজেই বলেছেন, তিনি শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করেননি। এই বক্তব্য থেকেই সরকারের গভীর ষড়যন্ত্রের বিষয়টি বোঝা যায়।
রিপন আরও বলেন, কোনো মামলা ছাড়া বিশেষ ক্ষমতা আইনে ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর হায়দার চৌধুরী রোটনকে একবছর ১৪ দিন আটক রাখা হয়েছে। স্বাস্থ্য অর্থনীতি বিভাগের ছাত্র রোটন এরই মধ্যে একটি সেমিস্টারের পরীক্ষা দিতে পারেননি, সামনে তার আরেকটি পরীক্ষা রয়েছে।
সংবাদ সম্মেলনে যুদ্ধাপরাধীদের বিচার, জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সোহেল রানা টিপু, সাধারণ সম্পাদক সাজ্জাদ সাতিব বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএনডি/এমএ/১৭১০ ঘ.
bdnews24