২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীন নির্বাচন কমিশন নিয়ে অনেক প্রশ্ন সিইসির

স্বাধীন হতে যাওয়া নির্বাচন কমিশন সচিবালয় নিয়ে অনেক প্রশ্ন রয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদার। তিনি বলেন, খসড়া অধ্যাদেশে কমিশন সচিবালয়ের লোকবল নিয়োগের শর্তসহ আরও নানা বিষয়ে অবহিত হওয়ার পরেই এ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2008, 11:01 AM

Updated : 26 Aug 2022, 01:17 PM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- স্বাধীন হতে যাওয়া নির্বাচন কমিশন সচিবালয় নিয়ে অনেক প্রশ্ন রয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদার। তিনি বলেন, খসড়া অধ্যাদেশে কমিশন সচিবালয়ের লোকবল নিয়োগের শর্তসহ আরও নানা বিষয়ে অবহিত হওয়ার পরেই এ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। বুধবার দুপুরে কমিশন কার্যালয়ের সিঁড়ি বারান্দায় সিইসি শামসুল হুদা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। তিনি বলেন, "কমিশনে কী ধরনের লোক নিয়োজিত হয়, তাদের যোগ্যতা কী হবে, ব্যক্তিগতভাবে আমি মনে করি, তা এতে (খসড়ায়) নেই। এছাড়া আরও অনেক বিষয় রয়েছে। পুরো বিষয়টি আমাদের কাছে আসলে এ নিয়ে কথা বলবো।'' মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠকে 'স্বতন্ত্র নির্বাচন কমিশন সচিবালয় অধ্যাদেশ ২০০৮' অনুমোদিত হয়। এর ফলে নির্বাচন কমিশন সচিবালয় সরকারের নিয়ন্ত্রণ মুক্ত হল। কমিশন স্বাধীন হওয়ার পথে এখন শুধু গেজেট প্রকাশের আনুষ্ঠানিকতাই বাকি। নতুন অধ্যাদেশ অনুমোদিত হওয়ায় নির্বাচন কমিশন এখন থেকে আর সরকারের কোন মন্ত্রণালয়, বিভাগ বা দপ্তরের প্রশাসনিক আওতায় থাকছে না। অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারের আগাম কোন অনুমোদন লাগবে না। শুধু বাজেট পাশ করিয়ে নিলেই হবে। অধ্যাদেশ অনুযায়ী নির্বাচন কমিশন সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ থাকবে প্রধান নির্বাচন কমিশনের হাতে। সচিবালয়ের সচিব হবেন কমিশনের প্রশাসনিক প্রধান। বিধিনির্ধারিত পদ্ধতিতে কমিশন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে। সচিবালয়ের সাংগঠনিক কাঠামো পর্যালোচনার জন্য প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে একটি কমিটি কাজ করবে। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব কমিটির সদস্য সচিব হিসেবে কাজ করবেন। গত বছর ৭ জুন স্বাধীন নির্বাচন কমিশন সচিবালয় আইনের একটি খসড়া সরকারের কাছে পাঠায়। ২৩ জুন উপদেষ্টা পরিষদ এই আইনটিকে নীতিগতভাবে অনুমোদন দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ বিআর/এমএ/ ১৬৪৭ ঘ.