২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাবিব মন্ডল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শহীদ কমিশনার খালাস

ঢাকা মহানগর বিএনপি নেতা অ্যাডভোকেট হাবিব মন্ডল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শহীদুর রহমান (শহীদ কমিশনার) ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তনাই মোল্লাকে বেকসুর খালাস দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2008, 09:01 AM

Updated : 26 Aug 2022, 01:18 PM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগর বিএনপি নেতা অ্যাডভোকেট হাবিব মন্ডল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শহীদুর রহমান (শহীদ কমিশনার) ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তনাই মোল্লাকে বেকসুর খালাস দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি এ মামলা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কালা জাহাঙ্গীরের (পলাতক) সাজা বহাল রাখা হয়েছে। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অপর ১২ আসামি পিচ্চি হান্নান (ক্রসফায়ারে নিহত), নুরুল হক, আবদুল মালেক, চাকমা অপু, কালা শরীফ, রহমান, সেন্টু, আক্তার হোসেন, আলমগীর, কচি, বিপ্লব ও ডাকাত শহীদের দণ্ড বহাল রেখেছে আদালত। বুধবার বিচারপতি একে এম ফজলুর রহমান ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর হাইকোর্ট বেঞ্চ হাবিব মন্ডল হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর দীর্ঘ সাত দিন শুনানি শেষে তিন দিন ব্যাপী এ রায় দেন। খালাসপ্রাপ্ত আসামি শহীদ কমিশনারের কৌঁসুলী গোলাম কিবরিয়া সাংবাদিকদের বলেন, বাদি পক্ষের সাক্ষী কামাল হোসেনের সাক্ষ্য উচ্চ আদালত বিশ্বাস করেনি। তাই তাকে হাইকোর্ট খালাস দিয়েছে। ২০০০ সালের ২০ আগস্ট সকাল সাড়ে ৯টায় ঢাকা জজ কোর্টের আইনজীবী হাবিবুর রহমান মন্ডলকে পুরনো ঢাকার বনগ্রাম রোডে তার বাসার সামনে প্রকাশ্য দিবালোকে পাঁচ-ছয়জন সন্ত্রাসী গুলি চালিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের ঘটনায় ওইদিনই আবদুল হাই ভুইয়া বাদি হয়ে সূত্রাপুর থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্তকরে ২০০১ সালের ২৮ মে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। ওই প্রতিবেদনের ওপর বাদি নারাজি আবেদন করলে ম্যাজিস্ট্রেট পুনরায় তদন্তের নির্দেশ দেন। পুনরায় তদন্তের পর ২০০২ সালের ১৬ অক্টোবর শহীদ কমিশনার, কালা জাহাঙ্গীর, তনাই মোল্লা, পিচ্চি হান্নানসহ ১৮ জনের বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দাখিল করে। ২০০২ সালের ১৫ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার আদালত ১৮ আসামির বিরুদ্ধে অপরাধ আমলে নিয়ে অভিযোগ গঠন করে। এ মামলায় মোট ৪৬ জন সাক্ষীর ২৭ জনের সাক্ষ্য ও উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে দ্রুত বিচার আদালতের বিচারক শাহেদ নুর উদ্দিন ২০০৩ সালের ২৯ মে শহীদ কমিশনার ও কালা জাহাঙ্গীরকে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি ওই আদালত তনাই মোল্লা ও পিচ্চি হান্নানসহ ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়। অপর তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। দুই আসামির মৃত্যুদণ্ড কনফরমেশনের জন্য হাইকোর্টে ডেথ রেফারেন্স পাঠানো হয়। অপরপক্ষে সাজাপ্রাপ্ত আসামিরা ওই রায়ের বিরুদ্ধে আপিল করে। হাইকোর্টে বুধবার আসামিদের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আবদুল মালেক, খন্দকার মাহবুব হোসেন, আবদুল বাসেত মজুমদার, মনসুরুল হক চৌধুরী, আনিসুল হক, শামসুল হুদা ও গোলাম কিবরিয়া। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/জিএনএ/১৩৫৫ঘ.