ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আসম হান্নান শাহের আটকাদেশ অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। অন্য কোনও মামলা না থাকলে তাদের অবিলম্বে মুক্তি দিতে সরকারকে নির্দেশও দেওয়া হয়েছে।
বুধবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মামনুন রহমানের হাইকোর্ট বেঞ্চ তারেক রহমান ও হান্নান শাহর আটকাদেশ চ্যালেঞ্জ করে কাউসার কামাল ও শাহ রেজাউল হান্নানের দায়ের করা রিটের ওপর চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেন।
তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা ১০টি মামলার মধ্যে ছয়টিতে তিনি জামিন না পাওয়ায় আপাতত তিনি ছাড়া পাচ্ছেন না। তবে হান্নান শাহর বিরুদ্ধে আর কোনও মামলা না থাকায় তার কারামুক্তিকে কোনও বাধা নেই বলে আইনজীবীরা জানিয়েছেন।
২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমানকে যৌথবাহিনী গ্রেপ্তার করে। এরপর ১৩ এপ্রিল তাকে বিশেষ ক্ষমতা আইনে আটকাদেশ দেয় সরকার। হান্নান শাহ গ্রেপ্তার হন গত ৭ নভেম্বর। পরে ২৫ নভেম্বর তাকে আটকাদেশ দেওয়া হয়।
আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে তারেক ও হান্নান শাহর পক্ষে গত ২ ডিসেম্বর হাইকোর্টে আলাদা রিট আবেদন করা হয়। ওইদিনই আদালত দুজনের আটকাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তার কারণ জানাতে সরকারের প্রতি আদেশ দেয়।
বুধবার তারেক ও হান্নান শাহর পক্ষে দুটি রিট আবেদনের শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক-উল হক। তাকে সহায়তা করেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম।
সরকার পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুবিনা আসাফ।
হাইকোর্টের রায়ের পর ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকমকে বলেন, তারেকের বিরুদ্ধে মোট ১০টি মামলা রয়েছে। এর মধ্যে চারটিতে তিনি জামিন পেয়েছেন। ছয়টিতে এখনও জামিন পাননি। তাই তিনি এখনই মুক্তি পাচ্ছেন না। হান্নান শাহর বিরুদ্ধে আর কোনও মামলা নেই। ফলে তিনি এখনই মুক্তি পেতে পারেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৪২৮ ঘ.
bdnews24