ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাস্থ্য পরীক্ষার জন্য কারাবন্দি তারেক রহমানকে মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে আনা হয়। তাকে হাসপাতালে রেখে চিকিৎসার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
কারা উপ-মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী জানান, তারেক রহমান ঘাড় এবং কোমরে ব্যথা অনুভব করায় স্বাস্থ্য পরীক্ষার জন্য দুপুর সাড়ে ১১টার দিকে তারেক রহমানকে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা শেষে দুপুর ৩টার দিকে তাকে আবার কারাগারে ফিরিয়ে আনা হয়।
বিএসএমএমইউ-এর অর্থোপেডিক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সিরাজউদ্দিন আহম্মেদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড তারেক রহমানের স্বাস্থ্য পরীক্ষা করে জানিয়ে কারা উপ-মহা পরিদর্শক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগামীকালও (বুধবার) তাকে (তারেক রহমান) মেডিকেল বোর্ডে নিতে হবে।"
তিনি জানান, তারেক রহমানকে হাসপাতালে রেখে চিকিৎসার জন্যও মেডিকেল বোর্ড সুপারিশ করেছে।
সে অনুযায়ী তারেক রহমানকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হবে কিনা- জানতে চাইলে সামসুল হায়দার বলেন, "বন্দির চিকিৎসার ক্ষেত্রে আমরা কোনও ধরনের অবহেলা করব না। কারাবিধি অনুসরণ করেই তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হবে। আমরা মেডিকেল বোর্ডকে বলেছি, পরীক্ষার ফলাফল দেখে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে।"
খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে গত বছরের ৭ মার্চ যৌথবাহিনী সদস্যরা গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা বিচারাধীন।
এদিকে বিএসএমএমইউ এর প্রিজন সেলে থাকা ১৮ জন ভিআইপি বন্দিকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কারাগারে ফিরিয়ে আনার কথা থাকলেও মঙ্গলবার নতুন করে কাউকে ফিরিয়ে আনা হয়নি। সোমবার পারটেক্স গ্র"পের চেয়ারম্যান এমএ হাশেমকে প্রিজন সেল থেকে কারাগারে ফিরিয়ে আনা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এমআই/এমএ/১৯৩১ঘ.
bdnews24