ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যেনোতেনোভাবে নয়, সঠিকভাবে ভোটার তালিকা করার পরই নির্বাচন চেয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
সোমবার সন্ধ্যায় এক আলোচনা সভায় তিনি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পূর্বশর্ত হিসেবে তিন দফা দাবি তোলেন। এগুলো হচ্ছে: সঠিক ভোটার তালিকা, নির্বাচনে সব দলের অবাধে প্রচারাভিযান চালানোর নিশ্চয়তা দিয়ে নির্বাচনী পরিবেশ সৃষ্টি এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ অনুষ্ঠান।
রাজধানীর সেগুনবাগিচায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে 'সংলাপ' সর্ম্পকিত তিনদিনব্যাপী আলোচনার শেষ দিনে সভাপতির বক্তব্যে বি চৌধুরী বলেন, ''যেনোতেনোভাবে নয়, অর্থবহ সুষ্ঠু নির্বাচন চাই। সঠিক ভোটার তালিকা প্রণয়ন হওয়ার পরই সুুষ্ঠু পরিবেশে আমরা নির্বাচন চাই। তা যদি তিন মাসে সম্ভব হয়, তাতে কোনো ক্ষতি নেই। তবে সঠিক ভোটার তালিকা প্রণয়নের নামে নির্বাচন বিলম্বিত করা চলবে না।''
সাবেক রাষ্ট্রপতি বলেন, ''সরকারের সঙ্গে সংলাপে বসার জন্য রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি নেওয়া উচিত। এমন একটি সংলাপ হতে হবে যাতে আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়।''
তিনি '১১ জানুয়ারি' সৃষ্টির জন্য চার দলীয় জোটকেই দায়ী করে বলেন, '' প্রহসনের নির্বাচনের ঘোষণা দিয়ে যে পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল, তা উত্তরণে ১১ জানুয়ারির প্রয়োজন ছিল।"
দলের মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর এম এ মান্নান বলেন, ''১১ জানুয়ারির পর আগামী নির্বাচন ও দেশের ভবিষ্যৎ নিয়ে জনগণের মধ্যে প্রত্যাশা বেড়েছে। সরকারের সঙ্গে সংলাপে আমাদের জনগনের প্রত্যাশা ও জাতীয় ইস্যু নিয়ে আলোচনা করতে হবে।''
আলোচনা সভায় সভাপতিমণ্ডলীর সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবদুল হালিম, আরশাদউজ্জামান, জয়নাল আবেদীন খান, কেন্দ্রীয় নেতা সাজু কামাল, আবদুর রহিম, সায়মা জলিল, মঞ্জুর রাশেদ, সুজাতা আজিম, সাবেরা বেগম, অহিদ উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচবি/২১৫৯ ঘ.
bdnews24