২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতের রায় প্রত্যাখ্যান করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা

তিন শিক্ষককে দণ্ড দিয়ে ঘোষিত আদালতের রায় প্রত্যাখ্যান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকরা। মঙ্গলবার সকালে রায় ঘোষণার পর রায়কে প্রহসনমূলক উল্লেখ করে বিক্ষোভে ফেটে পড়ে আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষকদের একাংশও এ রায় প্রত্যাখ্যান করেছেন। ক্যাম্পাস থেকে জানাচ্ছেন জান্নাতুল ফেরদাউস ও গোলাম মোর্তজা অন্তু

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2008, 02:20 PM

Updated : 26 Aug 2022, 01:15 PM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন শিক্ষককে দণ্ড দিয়ে আদালতের রায় প্রত্যাখ্যান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকরা। মঙ্গলবার সকালে রায় ঘোষণার পর রায়কে প্রহসনমূলক উল্লেখ করে বিক্ষোভে ফেটে পড়ে আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষকদের একাংশও এ রায় প্রত্যাখ্যান করেছেন। তারা কলাভবনের সামনের বটতলায় এসে ছাত্রদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। আন্দোলনরত শিক্ষার্থীরা ২১ ও ২২ আগস্টের ঘটনায় দায়ের করা সব মামলা প্রত্যাহার এবং ছাত্রদের ওপর 'নির্যাতনকারীদের' বিরুদ্ধে তদন্ত ও বিচার দাবি করেন। ক্যাম্পাস থেকে জানাচ্ছেন জান্নাতুল ফেরদাউস ও গোলাম মোর্তজা অন্তু শিক্ষকরাও 'সম্মানজনক সমাধান হচ্ছে না' উল্লেখ করে ছাত্র-শিক্ষকদের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন। চলমান প্রেক্ষাপটকে বিশ্ববিদ্যালয়ের দুর্দিন' হিসাবে উল্লেখ করে সকল স্তরের জনগণকে ছাত্র-শিক্ষকদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন তারা। শিক্ষকরা জানান, বুধবার শিক্ষকদের পূর্বঘোষিত সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশে শিক্ষক-ছাত্রসহ সকল পেশার মানুষ ও কারাবন্দি ছাত্র-শিক্ষকদের স্বজনরা উপস্থিত থাকবেন। যদি এর মধ্যে কোনও শিক্ষককে মুক্তি দেওয়া হয় তবে তিনিও এই সমাবেশে যোগ দেবেন এবং তার মুক্তির বিষয়ে তার মনোভাব জানাবেন। একই সঙ্গে আন্দোলন অব্যাহত রাখা হবে কিনা সে সম্পর্কেও তার বক্তব্য জানাবেন। এই সমাবেশ থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ জানান, মঙ্গলবার সকালে শিক্ষা উপদেষ্টার সঙ্গে তার কথা হয়েছে। তবে সাত ছাত্রের মুক্তির বিষয়ে কোনও কথা হয়নি। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সংবাদ সম্মেলনে সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক তাজমেরী এসএ ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ড. মামুন আহম্মেদ বলেছেন, "তারা এই রায়ে গভীরভাবে মর্মাহত এবং হতাশ।" অধ্যাপক তাজমেরী বলেন, "আমরা একটা সম্মানজনক নিষ্পত্তির জন্য সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চালিয়ে গিয়েছি।" তিনি বলেন, "আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিচারবিভাগ স্বাধীন হয়েছে। আমরা আশা করছি তারা খুব দ্রুতই মুক্তি পাবেন। এজন্য আলোচনা হয়েছে আমরা আরও আলোচনা চালিয়ে যাব।" বিকাল ৪টায় মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগস্টের ঘটনায় দায়েরকৃত সব মামলা প্রত্যাহারের দাবি জানায় নির্যাতন বিরোধী ছাত্র-ছাত্রীবৃন্দ। সংবাদ সম্মেলনে তারা বলেন একজন শিক্ষার্থী আটক থাকা পর্যন্ত ছাত্র আন্দোলন চলবে। বুধবার তারা সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বর্জন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছে। এছাড়া তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের ক্লাস-পরীক্ষা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। আগস্টকেন্দ্রিক ৫৪ নম্বর মামলার রায়ে কারাবন্দি চার শিক্ষকের মধ্যে ড. আনোয়ার হোসেন, ড. হারুন অর রশিদ, ড. সদরুল আমিনকে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। তবে ড. নিমচন্দ্র ভৌমিক ও ১৫ শিক্ষার্থীর সবাইকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রায়ের খবর পাওয়ার পর সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, "আমি রায় শুনেছি। এই রায়ের ফলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি সরকারের বিরূপ মনোভাব প্রমাণিত হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।" রায়ের পরপর আওয়ামী লীগ সমর্থিত নীল ও বামদল সমর্থিত গোলাপী দলের শিক্ষকরা কলাভবনের শিক্ষক লাউঞ্জে আসেন। সেখানে তারা সংক্ষিপ্ত আলোচনা শেষে দুপুর ১২টার দিকে ১৫/২০ জন শিক্ষক কলাভবনের বটতলায় গিয়ে আনুষ্ঠানিকভাবে এ রায় প্রত্যাখ্যানের ঘোষণা দেন। কলাভবনের বটতলায় ছাত্রদের সামনে বক্তব্য রাখেন অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক আখতারুজ্জামান, অধ্যাপক মেজবাহ কামাল, অধ্যাপক আব্দুস সামাদ ও অধ্যাপক মুনতাসীর মামুন। অধ্যাপক আখতারুজ্জামান বলেন, "সরকারের সদিচ্ছা থাকলে ছাত্র-শিক্ষকদের নিঃশর্ত মুক্তি সম্ভব ছিল। সরকার আমাদের সঙ্গে প্রহসন করেছে।" অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, "এই রায়ে আমরা আহত হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্দিন চলছে।" এর আগে ১৯৬৯, '৭১ এবং '৯০তে এ ধরনের পরিস্থিতিতে আপামর জনগণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে দাঁড়িয়েছিল উল্লেখ করে সেই একইভাবে এবারও সকল স্তরের জনগণকে পাশে দাঁড়ানোর জন্য আহবান জানান তিনি। মুনতাসীর মামুন আরও বলেন, "অন্যায়ের প্রতিবাদ করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত বছরের ঐতিহ্য। এই ঐতিহ্যের পথ ধরে স্বাধীনতা এসেছে, দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। ক্ষমা নিয়ে আমাদের শিক্ষকরা এভাবে মুক্তি পেতে চান না। এটা সন্মানজনক মুক্তি নয়।" অধ্যাপক মেজবাহ কামাল বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্ররা চুরি বা ডাকাতি করেননি। বিশ্ববিদ্যালয়ের মাটিতে যে অন্যায় হয়েছে তার প্রতিবাদ করেছেন। তাই এখানে দণ্ড পাওয়া বা তা মওকুফের প্রশ্ন আসে না। আমরা বলবো এ রায় সম্মানজনক হয়নি। তাই ঐতিহাসিক বটতলায় এসে প্রতিবাদ জানাচ্ছি।" ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ভূলুণ্ঠিত করা হয়েছে মন্তব্য করে অধ্যাপক আবদুস সামাদ বলেন, "সরকার আমাদের সঙ্গে প্রহসন করেছে। আইনকে নিজের গতিতে চলতে দেয়া হচ্ছে না। আগামীকাল ঐতিহাসিক বটমূলে যে সংহতি সমাবেশের আয়োজন করা হয়েছে সেখান থেকে এর প্রতিবাদ জানানো হবে।" তিনি আরও বলেন, শিক্ষকরা কোন অন্যায় করেননি। তাই তাদের মাফ করার কোন প্রশ্নই আসেনা । শিক্ষার্থীরা রায়ের প্রতিবাদে অপরাজেয় বাংলার সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশ শেষে শিক্ষার্থীদের একটি মিছিল পুরো কলাভবনের ভেতরে করিডোর ঘুরে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। নির্যাতনবিরোধী ছাত্র-ছাত্রীবৃন্দ, নির্যাতন প্রতিরোধ ছাত্র আন্দোলন, ছাত্র বন্ধু এবং সচেতন শিক্ষার্থীবৃন্দ নামে চারটি পৃথক ব্যানারে মিছিল ও সমাবেশ করে শিক্ষার্থীরা। সোমবার মামলা থেকে অব্যাহতি পেয়ে বেশ কয়েকজন ছাত্রনেতা আন্দোলন কর্মসূচিতে অংশ নেন। অপরাজেয় বাংলার পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র নেতারা বলেন, তারা এ রায় প্রত্যাখান করছেন। সরকার তাদের প্রতি কোন সম্মান দেখায়নি বলেও তারা ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, আর কোন গোলকধাঁধা নয়, তারা শিক্ষক ও ছাত্র মুক্তির বিষয়ে নিঃশর্ত এবং পূর্ণ সমাধান চান। তারা সকল মামলা প্রত্যাহারের দাবি জানান। সরকারের সদিচ্ছা থাকলে ছাত্র শিক্ষকদের নিঃশর্ত মুক্তি সম্ভব বলে তারা উল্লেখ করেন। অপরাজেয় বাংলার পাদদেশে তিন দিকে তিন পৃথক ব্যানারে সমাবেশ করে শিক্ষার্থীরা। সমাবেশ শেষে তারা আবার মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। মিছিল শেষে আবার অপরাজেয় বাংলা পাদদেশে এসে সমাবেশ করে। এভাবেই মিছিল- সমাবেশ চলে দুপুর ২টা পর্যন্ত। নির্যাতন প্রতিরোধ ছাত্র আন্দোলন ব্যানারে সমাবেশ-মিছিলে ছাত্রদল এবং ছাত্রবন্ধু ব্যানারে হওয়া মিছিল ও সমাবেশে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার শীর্ষ নেতাদের দেখা গেছে। সকালের দিকে ক্লাশ হলেও ১১টার পর আর কোনও ক্লাশ হয়নি। অনেকগুলো পরীক্ষাও বাতিল করা হয়েছে। সকাল ৯টা থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখগুলোর নিয়ন্ত্রণ নেয় পুলিশ। পরিচয়পত্র ও যৌক্তিক কারণ ছাড়া কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছিল না। দুপুর ১টা পর্যন্ত কড়া পাহারায় বিশ্ববিদ্যালয়ের ফটকগুলো আগলে রাখে পুলিশ। তবে ক্যাম্পাসের ভেতরে পোশাকধারী কোনও পুলিশ ছিল না। পুলিশের কড়াকড়ির কারণে ক্যাম্পাসের ভেতরে এ সময় যানবাহন চলাচল ছিল খুবই কম। রায়ের খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়ার পর আইইআর ভবনে কে বা কারা তালা লাগিয়ে দেয়। এ কারণে ওই ভবনে বিভাগের মাস্টার্স পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। দুপুরে উপাচার্যের কার্যালয় সংলগ্ন লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ জানান, শিক্ষা উপদেষ্টার সঙ্গে সকালে তার বৈঠক হয়েছে। সাত শিক্ষার্থীর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এই সাতজনের বিষয়ে কোনও আলোচনা হয়নি।" সাত শিক্ষার্থীর মুক্তির বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ নিয়েছে বা নেবে কি না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "সুনির্দিষ্টভাবে আমি কিছু বলতে চাচ্ছি না। আমার পাবলিকলি বলা উচিত না যে কী আলোচনা করেছি বা করব।" অসুস্থ কারাবন্দী ছাত্র রফিকুল ইসলাম সুজনের চিকিৎসার বিষয়ে তিনি বলেন, "সোমবার রাতেও ডিআইজি প্রিজনের সঙ্গে সুজনের চিকিৎসার বিষয়ে আমার কথা হয়েছে। ডিআইজি প্রিজন আমাকে আশ্বস্ত করেছেন যে তার সুচিকিৎসার বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।" ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় দায়েরকৃত শাহবাগ থানার চারটি সক্রিয় মামলার মধ্যে এর আগে সোমবার একটি মামলার (মামলা নং ৫৩) রায়ে চার শিক্ষকসহ ১১ ছাত্রকে বেকসুর খালাস দেওয়া হয়। সোমবার বিকেলে কারাদণ্ড প্রাপ্ত চার ছাত্রের সাজা মওকুফ করে দেন রাষ্ট্রপতি। সোমবার বিকেলে প্রজ্ঞাপন জারি করে অপর একটি মামলার (মামলা নং ৬০) ১২ আসামিকে মামলা থেকে অব্যাহতি দেয় সরকার। সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা মামলার (মামলা নং ৫১) ২৫ আসামির মধ্যে ১৮ জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। আর বাকী মামলাটির রায় ঘোষণা করা হয় মঙ্গলবার সকালে। এখন ৫১ নম্বর মামলা থেকে অব্যাহতি না পাওয়া পাঁচজন কারাগারে ও দুইজন পলাতক রয়েছেন। আর জরুরি বিধিমালা ভঙ্গের অভিযোগে একটি মামলার কার্যক্রম এখন স্থগিত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেএফ/এমএসবি/আরএ/এমএ/১৬৫৯ ঘ.