ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ব্যবসায়ী নূর আলীর দায়ের করা চাঁদাবাজি মামলায় সোমবারও প্রতিবেদন দাখিল করা হয়নি। এ নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১০ টি ধার্য তারিখ পার হয়ে গেল ।
এদিকে সোমবারই শেখ হাসিনা ও অন্য একজনের বিরুদ্ধে ব্যবসায়ী তাজুল ইসলাম ফারুকের দায়ের করা অপর একটি চাঁদাবাজি মামলায়ও প্রতিবেদন দাখিল ছাড়াই চৌদ্দতম ধার্য তারিখ পার হয়েছে।
মামলা দুটি তদন্তের দায়িত্বে থাকা তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের পরিদর্শক মো. জানে আলম বদলি হওয়ায় মামলা দুটির তদন্তভার কার ওপর বর্তেছে বলতে পারেননি আদালতের সংশ্লিষ্ট জেনারেল রেকর্ডিং অফিসের পুলিশ কর্মকর্তা কর্মচারীরা।
উভয় মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ঢাকার মহানগর হাকিম শাহীন উদ্দিন আগামি ১২ ফেব্র"য়ারি দিন ধার্য করেছেন।
এ ব্যাপারে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সংশ্লিষ্ট জেনারেল রেকর্ডিং অফিসের পুলিশ কনস্টেবল মাহফুজ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঐ দুই মামলার নতুন তদন্তকারী কর্মকর্তা নিয়োগের ব্যাপারে কোন তথ্য তাদেরকে জানানো হয়নি।
গত বছরের ১৩ জুন তেজগাঁও থানায় শেখ হাসিনা, তার চাচাতো ভাই শেখ হেলাল ও তার স্ত্রী রূপা চৌধুরীর বিরুদ্ধে ইউনিক গ্র"পের সত্ত্বাধিকারী নূর আলী এ চাঁদাবাজি মামলা দায়ের করেন।
আর গত বছরের ৯ এপ্রিল ওয়েস্ট মন্ট বিদ্যুৎ কেন্দ্রের মালিক তাজুল ইসলাম ফারুক একই থানায় শেখ হাসিনা ও তার ব্যক্তিগত কর্মচারী মানু মজুমদারের বিরুদ্ধে অন্য চাঁদাবাজি মামলাটি দায়ের করেছিলেন।
নূর আলীর দায়ের করা মামলায় ৫ কোটি টাকা ও দুইটি ফ্ল্যাট চাঁদা হিসেবে নেওয়ার অভিযোগ করা হয় । আর তাজুল ইসলাম ফারুকের মামলাটির অভিযোগ ছিল তিন কোটি টাকা চাঁদা গ্রহণের।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ পিবি/এসকে/১৯৫০ঘ.
bdnews24