ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাকে শেষবার দেখার পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে তার শহীদ মইনুল সড়কের বাসা থেকে কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে শনিবার রাত ৯টা ৪৫ মিনিটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে নিয়ে সংসদ ভবন এলাকার বিশেষ কারাগারের পথে রওনা হয়।
বাসা থেকে বের হওয়ার সময় দলীয় নেতা কর্মীদের তিনি বলেন, "বুঝতেই পারছেন কেমন আছি। চালের কেজি এখন চল্লিশ টাকা। দেশবাসীর জন্য দোয়া করবেন। কোনটা ভালো কোনটা মন্দ তারাই তা ঠিক করবে।"
তৈয়বা মজুমদারের বড় ছেলে সাঈদ এস্কান্দার রাত দশটায় সাংবাদিকদের জানান, রাতেই তার মায়ের মরদেহ সড়কপথে দিনাজপুর নিয়ে যাওয়া হবে। রোববার সেখানে তার দাফন হবে।
বিকেলে খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান পর্যায়ক্রমে নানী তৈয়বা মজুমদারের প্রতি শেষ শ্রদ্ধা জানান। তারা প্রায় এক ঘণ্টা করে ওই বাসায় কাটান। সন্ধ্যার পর মইনুল সড়কের বাসায় তৈয়বা মজুমদারের প্রথম জানাজা হয়। তারেক রহমানসহ কয়েকশ লোক তাতে অংশ নেন। তারেক চলে যাওয়ার পর প্যারোলে মুক্ত খালেদা জিয়াকে সেখানে নিয়ে আসা হয়।
রাত সাড়ে আটটায় গুলশানের আজাদ মসজিদে তৈয়বা মজুমদারের দ্বিতীয় জানাজা হয়। সাড়ে নয়টার দিকে তার মরদেহ আবার মইনুল সড়কে খালেদা জিয়ার বাড়িতে নিয়ে আসা হয়।
প্যারোলে মুক্তির পর সর্বপ্রথম মইনুল সড়কের বাসায় আসেন আরাফাত রহমান। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন ওয়ার্ড থেকে আরাফাতকে দুপুরে প্রথমে ক্যান্টনমেন্ট থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বিকাল ৪টা ৩৬ মিনিটে বাসায় নেওয়া হয় তাকে।
কালো গেঞ্জি ও অফ হোয়াইট প্যান্ট পরিহিত আরাফাতকে একটি হুইল চেয়ারে করে নামানো হয়। নানীর মরদেহের পাশে নিয়ে যাওয়ার পর আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। ৫টা ৪৮ মিনিটে আরাফাত রহমানকে বাসা থেকে হাসপাতালে ফিরিয়ে নেওয়া হয়।
তারেক রহমানকে বাসায় নেওয়া হয় ৫টা ৫২ মিনিটে। এর আগে তাকে প্রায় দুই ঘণ্টা শাহবাগ থানায় রাখা হয়। তার পরনে ছিল সাদা পাজামা ও পাঞ্জাবি। বাসায় ঢোকার সময় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন তিনি। নানীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন ও জানাজায় অংশগ্রহণের পর সন্ধ্যা সোয়া ৭টার সময় তারেককে কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
শুক্রবার রাতে দিনাজপুরের একটি হাসপাতালে মারা যান তৈয়বা মজুমদার (৮৭)। শনিবার একটি হেলিকপ্টারে করে তার লাশ ঢাকায় আনা হয়। বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সে করে বিকাল সাড়ে ৪টায় মরদেহ খালেদা জিয়ার বাসায় নিয়ে আনা হয়। লাশের সঙ্গে ছিলেন তৈয়বার ছোট ছেলে শামীম এস্কান্দার এবং তার স্ত্রী-ছেলেরা।
শনিবার দুপুর থেকেই খালেদা জিয়ার বাসার সামনে ভিড় জমান আত্মীয়-স্বজন ও নেতাকর্মীরা। ওই বাসার সামনে এবং আশপাশে কড়া নিরাপত্তা বজায় ছিল। বিপুলসংখ্যক পুলিশ ও নিরাপত্তা রক্ষী মোতায়েন ছিল সেখানে।
খালেদা জিয়ার দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও শর্মিলা রহমান এবং তিন নাতনী বাসায় ছিলেন । ভাই সাইদ ইস্কান্দার শনিবার বিকালে লন্ডন থেকে ফেরেন।
গুলশানের আজাদ মসজিদে তৈয়বা মজুমদারের জানাজার খবরে বিকালেই সেখানে বিএনপির কয়েকশ নেতা-কর্মী জড়ো হতে থাকেন। এদের মধ্যে ছিলেন স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, সাবেক তথ্যমন্ত্রী শামসুল ইসলাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি, যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, সাবেক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক সাংসদ মোহাম্মদ শাহজাহান ।
বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, সাবেক সাংসদ সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অধ্যক্ষ সোহরাব উদ্দিন ও রিজভী আহমেদসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে সেনানিবাসের জাহাঙ্গীর গেটে আটকে দেওয়া হয় বলে তারা অভিযোগ করেছেন।
এর আগে তৈয়বা মজুমদারের লাশ আনতে তার ছোট ছেলে শামীম এস্কান্দার শনিবার সকালে দিনাজপুর রওনা হন। স্বজনরা জানিয়েছিলেন, ঢাকা থেকে লাশ ফিরিয়ে নিয়ে দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্থানে স্বামী এস্কান্দার মজুমদারের কবরের পাশে তৈয়বা মজুমদারকে সমাহিত করা হবে।
তৈয়বা মজুমদারের মৃত্যুর পর খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়া, তারেক ও আরাফাতকে প্যারোলে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।
কারা অন্তরীণ খালেদা জিয়াকে শুক্রবার রাত ১০টা ৪০ মিনিটে মায়ের মৃত্যু সংবাদ জানানো হয়। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান ও উপ-মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী সংসদ ভবন এলাকার বিশেষ কারাগারে গিয়ে তাকে খবরটি জানান।
পরে সামসুল হায়দার ছিদ্দিকী কেন্দ্রীয় কারাগারে তারেক রহমান ও বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আরাফাত রহমানের সঙ্গে দেখা করে তাদের নানির মৃত্যু সংবাদ জানান।
তৈয়বা মজুমদার শুক্রবার রাত সাড়ে ৮টায় দিনাজপুর শহরের বালুবাড়িতে নিজের বাসায় বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত 'জিয়া হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট' এ নিয়ে যাওয়া হয়। রাত ৮টা ৪৫ মিনিটে চিকিৎসকরা জানান, তিনি মারা গেছেন।
মৃত্যুর সময় কোনো ছেলেমেয়েই তার পাশে ছিলেন না। বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি জানান, তৈয়বা মজুমদার দিনাজপুরে বিভিন্ন সমাজসেবামূলক কাজে সম্পৃক্ত ছিলেন। তার স্বামী এস্কান্দার মজুমদার মারা যান ১৯৮৪ সালে। তাদের দুই ছেলে, তিন মেয়ের মধ্যে খালেদা জিয়া তৃতীয়। দুই ছেলে হচ্ছেন সাঈদ এস্কান্দার ও শামীম এস্কান্দার। বড় মেয়ে সাবেক মন্ত্রী খুরশিদ জাহান হক বেঁচে নেই। মেজো মেয়ে সেলিমা রহমান (বিউটি) ব্র"নাইয়ে থাকেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/এএইচডি/এসএম/এমআই/জেকে/এসকে/০০০৯ ঘ.
bdnews24