ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাকে শেষবার দেখতে শনিবার প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সংসদ ভবন এলাকার বিশেষ কারাগার থেকে সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে খালেদা জিয়াকে বের করা হয়। তিনি ঢাকা সেনানিবাসের মইনুল সড়কে তার বাসায় পৌঁছেন ৭টা ২৭ মিনিটে। তিনি দুই ঘণ্টা সেখানে থাকবেন বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।
খালেদা জিয়ার মা তৈয়বা মজুমদারের লাশ ওই বাসায় রাখা হয়েছে।
খালেদার আইনজীবী অ্যাডভোকেট আহম্মেদ আজম খান জানান, রাত সাড়ে আটটায় গুলশানের আজাদ মসজিদে তৈয়বা মজুমদারের নামাজে জানাজার পর রাতে তার মরদেহ রাখা হবে সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে। রোববার সকালে হেলিকপ্টারে করে তার কফিন দিনাজপুরে নিয়ে যাওয়া হবে। সেখানেই তার দাফন হবে।
সাবেক প্রধানমন্ত্রীর দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান এর আগে প্যারোলে মুক্তি পেয়ে তাদের নানীকে শেষ শ্রদ্ধা জানান। মইনুল সড়কে বাসায় কিছুক্ষণ আগে তৈয়বা মজুমদারের জানাজা হয়। তারেক রহমানসহ কয়েকশ লোক তাতে অংশ নেন। জানাজা পরিচালনা করেন মাওলানা জয়নাল আবেদিন।
শ্রদ্ধা জানাতে খালেদা জিয়া, তারেক ও আরাফাতকে পর্যায়ক্রমে মইনুল রোডের বাসায় নেওয়া হয়েছে।
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আরাফাত, তারেক ও খালেদা জিয়াকে পর্যায়ক্রমে মইনুল রোডে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। মাকে শেষ দেখা দেখতে খালেদা জিয়া সময় পাচ্ছেন দুই ঘণ্টা। তারেক ও আরাফাতকে এক ঘণ্টা করে সময় দেওয়া হয়।
প্যারোলে মুক্তির পর সর্বপ্রথম আরাফাত রহমানকে নিয়ে আসা হয় মইনুল সড়কের বাসায়। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন ওয়ার্ড থেকে আরাফাতকে বিকাল ৪টা ৩৬ মিনিটে বাসায় নেওয়া হয়। কালো গেঞ্জি ও অফ হোয়াইট প্যান্ট পরিহিত আরাফাতকে একটি হুইল চেয়ারে করে নামানো হয়। নানীর মরদেহের পাশে নিয়ে যাওয়ার পর আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। ৫টা ৪৮ মিনিটে আরাফাত রহমানকে বাসা থেকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন ওয়ার্ডে ফিরিয়ে নেওয়া হয়।
তারেক রহমানকে বাসায় নেওয়া হয় ৫টা ৫২ মিনিটে। তার পরনে ছিল সাদা পাজামা ও পাঞ্জাবি। বাসায় ঢোকার সময় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন তিনি। নানীর প্রতি শেষ শ্রদ্ধা জানানোর পর সন্ধ্যা সোয়া ৭টার সময় তারেককে কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। এর মধ্যেই তিনি জানাজায় অংশ নেন।
শুক্রবার রাতে দিনাজপুরের একটি হাসপাতালে মারা যান তৈয়বা মজুমদার (৮৭)। শনিবার একটি হেলিকপ্টারে করে লাশ ঢাকায় আনা হয়। বিমানবন্দর থেকে একটি অ্যাম্বুলেন্সে করে বিকাল সাড়ে ৪টায় মরদেহ খালেদা জিয়ার বাসায় নিয়ে আনা হয়। লাশের সঙ্গে ছিলেন তৈয়বার ছোট ছেলে শামীম এস্কান্দার এবং তার স্ত্রী-ছেলেরা।
শনিবার দুপুর থেকেই খালেদা জিয়ার বাসার সামনে ভিড় জমায় আত্মীয়-স্বজন ও নেতাকর্মীরা। ওই বাসার সামনে এবং আশপাশে কড়া নিরাপত্তা রয়েছে। বিপুল সংখ্যক পুলিশ ও নিরাপত্তার রক্ষীরা রয়েছেন সেখানে।
খালেদা জিয়ার দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও শর্মিলা রহমান এবং তিন নাতনী বাসায় রয়েছেন। ভাই সাইদ ইস্কান্দার শনিবার বিকালে লন্ডন থেকে ফিরেছেন। তিনিও ওই বাসায় রয়েছেন।
শনিবার বিকালে গুলশানের আজাদ মসজিদে তৈয়বা মজুমদারের জানাজা হওয়ার কথা ছিল। জানাজার খবরে বিএনপির কয়েকশ নেতা-কর্মী বিকালে আজাদ মসজিদে জড়ো হন।
স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, সাবেক তথ্যমন্ত্রী শামসুল ইসলাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি, যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, সাবেক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক সাংসদ মোহাম্মদ শাহজাহান সেখানে উপস্থিত ছিলেন।
বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, সাবেক সাংসদ সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অধ্যক্ষ সোহরাব উদ্দিন ও রিজভী আহমেদসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে সেনানিবাসের জাহাঙ্গীর গেটে আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ এসেছে।
তৈয়বা মজুমদারের লাশ আনতে তার ছোট ছেলে শামীম এস্কান্দার শনিবার সকালে দিনাজপুর রওনা হন। স্বজনরা জানিয়েছেন, ঢাকা থেকে লাশ ফিরিয়ে নিয়ে দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে স্বামী এস্কান্দার মজুমদারের কবরের পাশে তৈয়বা মজুমদারকে সমাহিত করা হবে।
তৈয়বা মজুমদারের মৃত্যুর পর খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়া, তারেক ও আরাফাতকে প্যারোলে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।
খালেদা ও তার দুই ছেলেকে মইনুল সড়কের বাসায় নিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ঢাকার মেট্রোপলিটন পুলিশ কমিশনার নাঈম আহমেদ শনিবার দুপুরে সাংবাদিকদের জানান।
কারা অন্তরীণ খালেদা জিয়াকে শুক্রবার রাত ১০টা ৪০ মিনিটে মায়ের মৃত্যু সংবাদ জানানো হয়। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান ও উপ-মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী সংসদ ভবন এলাকার বিশেষ কারাগারে গিয়ে তাকে খবরটি জানান।
পরে সামসুল হায়দার ছিদ্দিকী কেন্দ্রীয় কারাগারে তারেক রহমান ও বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আরাফাত রহমানের সঙ্গে দেখা করে তাদের নানির মৃত্যু সংবাদ জানান।
তৈয়বা মজুমদার শুক্রবার রাত সাড়ে ৮টায় দিনাজপুর শহরের বালুবাড়িতে নিজের বাসায় বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত 'জিয়া হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট' এ নিয়ে যাওয়া হয়। রাত ৮টা ৪৫ মিনিটে চিকিৎসকরা জানান, তিনি মারা গেছেন।
মৃত্যুর সময় কোনো ছেলেমেয়েই তার পাশে ছিলেন না। বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি জানান, তৈয়বা মজুমদার দিনাজপুরে বিভিন্ন সমাজ সেবামূলক কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার স্বামী এস্কান্দার মজুমদার মারা যান ১৯৮৪ সালে। তাদের দুই ছেলে, তিন মেয়ের মধ্যে খালেদা জিয়া তৃতীয়। দুই ছেলে হচ্ছেন সাঈদ এস্কান্দার ও শামীম এস্কান্দার। বড় মেয়ে সাবেক মন্ত্রী খুরশিদ জাহান হক বেঁচে নেই। মেজো মেয়ে সেলিমা রহমান (বিউটি) ব্র"নাইয়ে থাকেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/এএইচডি/এসএম/এমআই/জেকে/২০২৫ ঘ.
bdnews24