ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানীকে শেষবার দেখার পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।
মইনুল সড়কে নানী তৈয়বা মজুমদারের জানাজায় অংশও নেন তিনি। সেনানিবাসে ওই জানাজায় কয়েকশ লোক অংশ নেয়। জানাজা পরিচালনা করেন মাওলানা জয়নাল আবেদিন। এর আগে খালেদার ছোট ছেলে আরাফাত রহমানও নানীকে শেষ শ্রদ্ধা জানান। মাকে শেষবার দেখতে খালেদা জিয়াও প্যারোলে মুক্তি পেয়ে বাসার পথে রয়েছেন।
প্যারোলে মুক্তির পর তারেক রহমান শহীদ মইনুল রোডে তাদের বাসায় পৌঁছান শনিবার বিকাল ৫টা ৫২ মিনিটে। সাদা পাজামা ও পাঞ্জাবি পরিহিত তারেক বাসায় এক ঘণ্টা থাকেন। এরপর সন্ধ্যা ৭ টা ২৫ মিনিটে তারেককে কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
আরাফাত রহমানকে বিকেল ৪টা ৩৬ মিনিটে বাসায় নেওয়া হয়। একটি হুইল চেয়ারে করে কালো গেঞ্জি ও অফ হোয়াইট প্যান্ট পরিহিত আরাফাত বাড়ির ভেতরে ঢোকেন। নানীর মরদেহের পাশে নিয়ে যাওয়ার পর আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
আরাফাত ৫টা ৪৮ মিনিটে মইনুল রোড ত্যাগ করেন। সেখান থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যায়।
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারেক ও আরাফাতকে বাসায় থাকার জন্য এক ঘণ্টা সময় দেওয়া হয়। তবে মাকে শেষবার দেখতে খালেদা জিয়া দুই ঘণ্টা সময় পাবেন।
খালেদা ও তার দুই ছেলেকে মইনুল সড়কের বাসায় নিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ঢাকার মেট্রোপলিটন পুলিশ কমিশনার নাঈম আহমেদ শনিবার দুপুরে সাংবাদিকদের জানান।
হৃদরোগে আক্রান্ত তৈয়বা মজুমদার (৮৭) শুক্রবার রাত সাড়ে ৮টায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে মারা যান। মৃত্যুর সময় কোনো ছেলেমেয়েই তার পাশে ছিলেন না।
লাশ ঢাকায় আনতে শনিবার ভোরে তার ছোট ছেলে শামীম এস্কান্দার দিনাজপুর রওনা হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দিনাজপুর প্রতিনিধি জানান, তৈয়বা মজুমদারের মরদেহ নিয়ে শনিবার দুপুর ২টা ৪০ মিনিটে একটি হেলিকপ্টার ঢাকার পথে রওনা হয়। হেলিকপ্টারে লাশের সঙ্গে ছিলেন মরহুমার ছোট ছেলে শামীম এস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা, ছেলে অভীক ও অরিক এবং শাশুড়ি নাজমা হক।
হেলিকপ্টারটি বিকেল ৪টা ১০ মিনিটে ঢাকার কুর্মিটোলা বিমানবন্দরে নামে। একটি অ্যাম্বুলেন্সে করে কফিনটি সাড়ে ৪টায় শহীদ মইনুল রোডের বাসায় নিয়ে যাওয়া হয়।
পরিবারের সদস্যরা জানান, ঢাকা থেকে লাশ ফিরিয়ে নিয়ে দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে স্বামী এস্কান্দার মজুমদারের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।
তৈয়বা মজুমদারের মৃত্যুর পর খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার খালেদা জিয়া, তারেক ও আরাফাতকে প্যারোলে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়।
সেনানিবাসের মইনুল সড়কের বাসার সামনে থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সুমন মাহমুদ জানান, ওই বাসার সামনেসহ আশপাশে কড়া নিরাপত্তা রয়েছে। বিপুল সংখ্যক পুলিশ ও নিরাপত্তার রক্ষীরা রয়েছেন সেখানে।
খালেদা জিয়ার দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও শর্মিলা রহমান এবং তিন নাতনি ওই বাসায় রয়েছেন। দলীয় নেতা-কর্মীরাও বাসার সামনে রয়েছেন।
সাবেক প্রতিমন্ত্রী সেলিমা রহমান, সাবেক সাংসদ সেলিম রেজা হাবিব, মোমিনুল হক তালুকদার খোকা, শিরীণ সুলতানা, সাবেক ছাত্রদল নেতা আসাদুজ্জামান রিপন, হাবিবউন্নবী খান সোহেল, খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সেখানে উপস্থিত আছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শাহেনুর মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর লিটন হায়দারকে বলেন, "আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ তার দুই ছেলেকে প্যারোলে কয়েক ঘণ্টার জন্য মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
কারা অন্তরীণ খালেদা জিয়াকে শুক্রবার রাত ১০টা ৪০ মিনিটে মায়ের মৃত্যু সংবাদ জানানো হয়। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান ও উপ-মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী সংসদ ভবন এলাকায় বিশেষ কারাগারে গিয়ে তাকে খবরটি জানান।
পরে সামসুল হায়দার ছিদ্দিকী কেন্দ্রীয় কারাগারে তারেক রহমান ও বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আরাফাত রহমানের সঙ্গে দেখা করে তাদের নানীর মৃত্যু সংবাদ জানান।
দিনাজপুর শহরে মরহুমার বাড়িতে সর্বসাধারণের জন্য একটি শোক বই খোলা হয়েছে। জেলা প্রশাসক সাইফুল হাসান, পুলিশ সুপার মোস্তফা কামাল এবং বিভিন্ন স্থানীয় রাজনৈতিক নেতারা লাশ দেখতে যান।
বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি জানান, তৈয়বা মজুমদার দিনাজপুরে বিভিন্ন সমাজ সেবামূলক কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার স্বামী এস্কান্দার মজুমদার মারা যান ১৯৮৪ সালে। তাদের দুই ছেলে তিন মেয়ের মধ্যে খালেদা জিয়া তৃতীয়। দুই ছেলে হচ্ছেন সাঈদ এস্কাদার ও শামীম এস্কান্দার। বড় মেয়ে সাবেক মন্ত্রী খুরশিদ জাহান হক বেঁচে নেই। মেজো মেয়ে সেলিমা রহমান (বিউটি) ব্র"নাইয়ে থাকেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/এলএইচ/এমআই/জেকে/এমএ/১৭৫৩ ঘ.
bdnews24