ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মা তৈয়বা মজুমদারের মরদেহ ঢাকায় নিয়ে আসতে তার ছোট ছেলে শামীম এস্কান্দার শনিবার ভোরে সস্ত্রীক দিনাজপুর পৌঁছেছেন। শনিবারই তার মরদেহ ঢাকায় নিয়ে আসার কথা।
তৈয়বা মজুমদার (৮৭) হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার রাতে দিনাজপুরের একটি হাসপাতালে মারা যান। তৈয়বা মজুমদারের মরদেহ দিনাজপুর ডায়বেটিক হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
তার প্রতি শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ দিতে সরকার খালেদা ও তার দুই ছেলেকে শনিবার প্যারোলে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন খালেদার আইনজীবীরা। (আরো তথ্যসহ-৬)
কারাগারে অন্তরীণ খালেদা জিয়াকে শুক্রবার রাত ১০টা ৪০ মিনিটে মায়ের মৃত্যু সংবাদ জানানো হয়। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন ও উপ-মহাপরিদর্শক মেজর শামসুল হায়দার ছিদ্দিকী সংসদ ভবন এলকায় বিশেষ কারাগারে গিয়ে তাকে খবরটি জানান।
খালেদার আইনজীবী অ্যাডভোকেট আহম্মেদ আজম খান শুক্রবার রাত পৌনে ১২টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা ইতোমধ্যে তাদের তিনজনকে প্যারোলে মুক্তি দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জানিয়েছি। আমরা তিনজনকে একসঙ্গে মুক্তি দেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছিলাম। তবে একসঙ্গে না করে তাদের তিনজনকে পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হবে বলে এখন পর্যন্ত আমাদের নিশ্চিত করা হয়েছে। কিন্তু জানাজা অনুষ্ঠানের সুবিধার্থে আমরা তাদের তিনজনেরই একসঙ্গে মুক্তি চাচ্ছি।"
অ্যাডভোকেট আজম বলেন, "লাশ হেলিকপ্টারে করে দিনাজপুর থেকে ঢাকায় আনা হবে বলে সরকারের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। লাশ প্রথমে খালেদা জিয়ার মইনুল রোডের বাড়িতে নিয়ে রাখা হবে "
লাশ কখন আনা হবে জানতে চাইলে তিনি বলেন, "আমার মনে হয় না রাতে আনা হবে। আগামীকাল (শনিবার) সকালে আনার সম্ভবনাই বেশি।"
অ্যাডভোকেট মাহবুব উদ্দিন খোকন রাত ১২টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কিছুক্ষণ আগে স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন জানিয়েছেন, খালেদা জিয়া, তারেক ও আরাফাতকে প্যারোলে মুক্তি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।"
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমরা চেয়েছিলাম তিনজনকেই মুক্তি দিয়ে দিনাজপুরে যাওয়ার সুযোগ দেওয়া হোক। কিন্তু উপদেষ্টা বলেছেন, নিরাপত্তার কারণে তা সম্ভব হচ্ছে না। তৈয়বা মজুমদারের লাশ হেলিকপ্টারে করে ঢাকায় আনা হবে। শ্রদ্ধা নিবেদন শেষে লাশ আবার দিনাজপুরে নিয়ে যাওয়া হবে।"
আমাদের দিনাজপুর প্রতিনিধি জানিয়েছেন, মরহুমার ছোট ছেলে শামীম এস্কান্দার ও তার স্ত্রী রাত ১০টায় সড়কপথে দিনাজপুর রওনা হয়েছেন।
রাত ১০ টায় মেজর শামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "আমি কেন্দ্রীয় কারাগারে তারেক রহমান ও বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আরাফাত রহমানের সঙ্গে দেখা করে তাদের নানির মৃত্যুর সংবাদ জানিয়েছি।"
দিনাজপুর প্রতিনিধি জানান, রাত সাড়ে ৮টায় তৈয়বা মজুমদার দিনাজপুর শহরের বালুবাড়িতে নিজের বাসায় বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত 'জিয়া হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্চ ইন্সটিটিউট' এ নিয়ে যাওয়া হয়। রাত ৮টা ৪৫ মিনিটে সেখানকার চিকিৎসকরা জানান, তিনি মারা গেছেন। মৃত্যুর সময় কোনো ছেলেমেয়েই তার পাশে ছিলেন না।
ইন্সটিটিউটের চিকিৎসক ডা. মোসাদ্দেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''রাত ৮টা ৪৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।''
বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি জানান, তৈয়বা মজুমদার দিনাজপুরে বিভিন্ন সমাজ সেবামূলক কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার স্বামী এস্কান্দার মজুমদার মারা যান ১৯৮৪ সালে। তাদের দুই ছেলে তিন মেয়ের মধ্যে খালেদা জিয়া তৃতীয়। দুই ছেলে হচ্ছেন সাঈদ এস্কাদার ও শামীম এস্কান্দার। বড় মেয়ে সাবেক মন্ত্রী খুরশিদ জাহান হক বেঁচে নেই। মেজো মেয়ে সেলিমা রহমান (বিউটি) ব্র"নাইতে থাকেন।
তৈয়বার মৃত্যুর খবরে বিএনপি নেতা এম সাইফুর রহমান, আবদুল মান্নান ভূঁইয়া, খোন্দকার দেলোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান, অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ, এম শামসুল ইসলাম, এহসানুল কবির ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা তাৎক্ষণিকভাবে শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
খালেদা জিয়া মনোনীত দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এবং স্থায়ী কমিটির মনোনীত অস্থায়ী মহাসচিব হাফিজ উদ্দীন আহমেদ শুক্রবার রাতে আলাদা আলাদা প্রেস ব্রিফিংয়ে খালেদা জিয়া ও তার দুই ছেলেকে প্যারোলে মুক্তি দিয়ে তৈয়বা মজুমদারের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের সুযোগ করে দেওয়ার অনুরোধ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এসএম/এলএইচ/এএনএস/ইএইচবি/ডিডি/জেকে/এমএইচবি /জিএনএ/০৮৩০ ঘ.
bdnews24