২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী আসন পুনর্বিন্যাসে ঢাকা পাচ্ছে ২০টি

সারাদেশের মধ্যে ১৮টি জেলায় নির্বাচনী আসন পুনর্বিন্যাসের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। এর সবচেয়ে বড় প্রভাব পড়বে ঢাকা জেলায়। এখানে আসন সংখ্যা আগের চেয়ে সাতটি বেড়ে হবে ২০টি। নির্বাচন কমিশন জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়ায় ঢাকা জেলায় ৭টি আসন বাড়লেও বিভাগের অন্য জেলাগুলোতে বাড়াকমার সামগ্রিক হিসাবে ঢাকা বিভাগে শেষপর্যন্ত আসন বাড়ছে চারটি। >>আসন পুনর্বিন্যাসের তালিকা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2008, 02:02 PM

Updated : 26 Aug 2022, 01:12 PM

ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সারাদেশের মধ্যে ১৮টি জেলায় নির্বাচনী আসন পুনর্বিন্যাসের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। এর সবচেয়ে বড় প্রভাব পড়বে ঢাকা জেলায়। এখানে আসন সংখ্যা আগের চেয়ে সাতটি বেড়ে হবে ২০টি। নির্বাচন কমিশন জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়ায় ঢাকা জেলায় ৭টি আসন বাড়লেও বিভাগের অন্য জেলাগুলোতে বাড়াকমার সামগ্রিক হিসাবে ঢাকা বিভাগে শেষপর্যন্ত আসন বাড়ছে চারটি। এমন অংকের ছকে চট্টগ্রাম বিভাগে একটি, বরিশালে দুটি ও খুলনায় একটি করে আসন কমবে। অপরিবর্তিত থাকবে সিলেট ও রাজশাহী বিভাগের আসন সংখ্যা। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা সোমবার দুপুরে তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। অন্য দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম. সাখাওয়াত হোসেন এবং কমিশন সচিব মুহাম্মদ হুমায়ুন কবির এ সময় উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা, ফরিদপুর, গাজীপুর, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, রাজশাহী, সিরাজগঞ্জ, চট্টগ্রাম, চাঁদপুর, কুমিল্লা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পিরোজপুর এবং মেহেরপুরে আসন পুনর্বিন্যাস করা হচ্ছে। শামসুল হুদা বলেন, "নির্বাচনের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) অনুযায়ী গত ডিসেম্বর থেকে আমরা নির্বাচনী আসন সীমানা পুনঃনির্ধারণের কাজ শুরু করি। আগামী জুন পর্যন্ত এ কাজ চলবে। ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম (জিআইএস) ব্যবহার করে মূল কাজ এক মাসের মধ্যে শেষ করা সম্ভব।" জনসংখ্যার সমান অনুপাতের ভিত্তিতে এবার আসন সীমানা পুনর্বিন্যাস করা হচ্ছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। এই হিসেবে ঢাকা জেলায় সর্বাধিক ২১টি এবং মেহেরপুরে সর্বনিম্ন একটি আসন থাকার কথা। কিন্তু ১৯৭৬ সালের নির্বাচনী আসন সীমানা পুনর্নিধারণ সংক্রান্ত আইন অনুসারে, প্রতি জেলায় অন্তত দুটি আসন থাকতে হবে। এ কারণে ঢাকা জেলার একটি আসন কমছে, বাড়ানো হচ্ছে মেহেরপুরে। ফলে ঢাকার আসন সংখ্যা হবে ২০ আর মেহেরপুরে ২। তবে বিশেষ অঞ্চল বিবেচনায় পার্বত্য চট্টগ্রামের ৩ জেলায় সর্বনিম্ন দুটি আসন রাখার বিধান কার্যকর করা হচ্ছে না। সিইসি জানান, নির্বাচনী আসন পুনর্বিন্যাসের সঙ্গে সঙ্গে ১৮টি জেলার ভোট কেন্দ্রের সংখ্যাও পরিবর্তন করা হবে। রাজনৈতিক দলগুলোর আপত্তির মুখে কমিশন কেন এ কাজ করছে- জানতে চাইলে সিইসি বলেন, "এটি আমাদের সাংবিধানিক দায়িত্ব। তাছাড়া নির্বাচনী ব্যয় ও ভোটের সামঞ্জস্যতা বজায় রাখার জন্যও আসন পুনঃনির্ধারণ করা প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর আশঙ্কা, আমরা এ কাজ করতে গিয়ে হয়তো যথাসময়ে নির্বাচন করতে পারব না। কিন্তু ছবিসহ ভোটার তালিকা তৈরি ও আসন সীমানা পুনঃনির্ধারণের কাজ সমান্তরালভাবে চলছে। আমাদের শেষ লক্ষ্য হচ্ছে, যথাসময়ে একটি সুষ্ঠু নির্বাচন করা।" নির্বাচনী আসন সীমানা পুনর্বিন্যাসের পর সারাদেশের তিনশ আসনের মধ্যে ঢাকা বিভাগের ১৭ জেলার আসন সংখ্যা হবে ৯৪, রাজশাহীর ১৬টি জেলায় ৭২, চট্টগ্রামের ১১টি জেলায় ৫৮, খুলনার ১০টি জেলায় ৩৬, বরিশালের ছয়টি জেলায়া ২১ এবং সিলেটের চারটি জেলার আসন সংখ্যা ১৯টি হবে। আসন পুনর্বিন্যাস করতে গিয়ে কমিশনকে আইনি জটিলতায় পড়তে হবে কি না- এমন প্রশ্নের জবাবে শামসুল হুদা বলেন, "সীমানা পুনঃনির্ধারণ নিয়ে কারো কোনো আপত্তি থাকলে তাকে সংশ্লিষ্ট আসনের ভোটার হতে হবে। শুনানি করে আমরা আপত্তির নিস্পত্তি করব। এ নিয়ে কেউ আদালতে মামলা করলে তাও মোকাবিলা করা হবে। আদালত কোথাও স্থগিতাদেশ দিলে অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। কিন্তু আমরা কোথাও আটকে যাব না।" ১৯৮৪ সালের পর এই প্রথম কমিশন একযোগে সারাদেশে নির্বাচনী আসন পুনর্বিন্যাসের কাজে হাত দিয়েছে। ১৯৯১ ও ১৯৯৫ সালে আংশিকভাবে এ কাজ করা হয়। প্রতিবারই সীমানা নির্ধারণ নিয়ে কমিশনকে শত শত মামলা মোকাবিলা করতে হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/এসএনডি/এমএইচবি/১৯৫২ ঘ.