২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে দুলুর জঙ্গি মদদদান মামলার বাদীকে হত্যাচেষ্টার অভিযোগ

সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে করা জঙ্গি মদদদান মামলার বাদী মহিদুল ইসলাম খাঁকে হত্যাচেষ্টার অভিযোগে বৃহস্পতিবার একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2008, 03:43 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

নাটোর, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে করা জঙ্গি মদদদান মামলার বাদী মহিদুল ইসলাম খাঁকে হত্যাচেষ্টার অভিযোগে বৃহস্পতিবার একটি মামলা হয়েছে। মহিদুল খাঁর স্ত্রী মরিয়ম বেগম বাদী হয়ে নাটোরের মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন। মামলায় ২৪ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে জঙ্গি মদদদান মামলার আসামি মালেকও আছেন। মামলার অভিযোগ বলা হয়, মহিদুল ইসলাম খাঁ সাবেক উপমন্ত্রী দুলুসহ ক্যাডারদের বিরুদ্ধে জঙ্গি মদদদানের অভিযোগে মামলা করার পর থেকে স্থানীয় বিএনপি ক্যাডাররা তার পরিবারকে হত্যার হুমকি দিয়ে আসছে। একইসঙ্গে তারা মামলা পরিচালনার খরচ হিসেবে ৫০ হাজার টাকা চাঁদাও দাবি করে। মালেকসহ ২৪/২৫ জন সন্ত্রাসী ৬ জানুয়ারি মহিদুলের ওপর হামলা চালায়। তারা লোহার রড ও হাঁসুয়া দিয়ে মহিদুলের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাকে হত্যার চেষ্টা করে। সন্ত্রাসীরা তার স্ত্রী মরিয়ম বেগমকেও ধর্ষণের চেষ্টা ও মারধর করে। তাদের রক্ষায় এগিয়ে এলে দুলুর বিরুদ্ধে করা বাড়ি পোড়ানো মামলার বাদী আছাদকেও বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় মহিদুলকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ শরীফ উদ্দিন অভিযোগটি আমলে নেন এবং নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এফআইআর হিসাবে গ্রহণ করার নির্দেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩১ ঘ.