২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখন সময় আমাদের বেরিয়ে আসার: নাসের রহমান

"পাঁচ উইকেট পড়েছে"বলে মন্তব্য করেছেন সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে দুর্নীতি মামলার আসামী নাসের রহমান । বুধবার আদালতে এ মন্তব্য করে নাসের বলেন, "এখন সময় আমাদের বেরিয়ে আসার।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2008, 01:59 PM

Updated : 26 Aug 2022, 01:10 PM

ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-"পাঁচ উইকেট পড়েছে"বলে মন্তব্য করেছেন সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে দুর্নীতি মামলার আসামী নাসের রহমান । বুধবার আদালতে এ মন্তব্য করে নাসের বলেন, "এখন সময় আমাদের বেরিয়ে আসার।" বুধবার রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজলের উদ্দেশ্যে পাঁচ উপদেষ্টার পদত্যাগকে ইঙ্গিত করে নাসের রহমান বলেন, "এখন বাকি আছে আর পাঁচ উইকেট। সেগুলোও পড়া সময়ের ব্যাপারমাত্র। আপনারা এক্সট্রা প্লেয়ার। এখন আমরাই খেলবো। এখন সময় আমাদের বেরিয়ে আসার।" বুধবার একটি দুর্নীতি মামলায় সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত-১০ এ নাসের রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। অভিযোগ গঠন শেষে বিচারক একেএম আরিফুর রহমান এজলাস ত্যাগ করার পর তিনি ওই কথাগুলো বলেন। নাসের রহমান আরও বলেন,"ফরাসি বিপ্লবের সময় সব পিপিকে গিলোটিনে দেওয়া হয়েছিল। বিষয়টি মনে আছে নিশ্চয়ই।" এরপর তিনি মাত্র একজন পুলিশের পাহারায় হেঁটে মন্ত্রী হোস্টেল থেকে মূল সংসদ ভবন পেরিয়ে হাজতখানায় যান। পথে তাকে কয়েকজন আত্মীয়-স্বজনের সঙ্গে কথাও বলতে দেখা যায়। গত ১৮ সেপ্টেম্বর দুই কোটি টাকা চাঁদাবাজির অপরাধে নাসের রহমানকে নয় বছরের কারাদণ্ড দেয় সিলেটের একটি আদালত। মোশাররফ হোসেন কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন,"আমাকে উদ্দেশ করে নাসের রহমানের এমন বক্তব্য প্রচ্ছন্ন হুমকি। আমি বুঝতে পারছিনা একজন সাজাপ্রাপ্ত আসামি কিভাবে এ ধরনের কথা বলার সাহস পান?" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/১৯৫২ঘ.