ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চার উপদেষ্টার পদত্যাগের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ বলেছে, উপদেষ্টাদের পদত্যাগের মধ্যে সমস্যার সমাধান নেই। জনপ্রতিনিধিত্বশীল সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্যেই সমাধান নিহিত।
"কোনো উপদেষ্টার পদত্যাগ বা নিয়োগের মাধ্যমে সমস্যার সমাধান হবে না। অতিসত্বর নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিত্বশীল সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরই একমাত্র সমাধান।" মঙ্গলবার বিকেলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান।
গুলশানের নিজ বাসায় তার এ মন্তব্যের পর সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমদ আশা প্রকাশ করেন, "নতুন যারা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাবেন তারা নিরপেক্ষতা বজায় রাখবেন।"
জিল্লুর রহমান দলের প্রধান শেখ হাসিনার চিকিৎসা প্রসঙ্গে বলেন,"কোনো অবস্থাতেই শর্তসাপেক্ষে শেখ হাসিনা চিকিৎসার জন্য বিদেশে যাবেন না। শেখ হাসিনাকে ছাড়া আওয়ামী লীগ কোনো অবস্থায় নির্বাচনেও যাবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচবি/১৯৩২ ঘ.
bdnews24