ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- পাঠ্য বইয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানকে 'অস্বীকার ও অবমূল্যায়ন' করার অভিযোগ করে তা সংশোধনের দাবি জানিয়েছে বিএনপি। খোন্দকার দেলোয়ার হোসেন ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদের দেওয়া পৃথক বিবৃতিতে বিএনপির উভয় অংশ এ অভিযোগ ও দাবি তোলেন।
খালেদা জিয়ার মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন তার বিবৃতিতে ইতিমধ্যে মুদ্রিত পাঠ্য বইগুলো প্রত্যাহার করে 'সত্যিকারের ইতিহাস' সম্বলিত বই ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়ার দাবি জানান। তিনি বলেন,''ইতিহাস বিকৃতকারীদের পরিণতি কখনো শুভ হবে না।"
অন্য দিকে দলের স্থায়ী কমিটির মনোনীত অস্থায়ী মহাসচিব হাফিজ উদ্দিন আহমেদও 'ইতিহাস বিকৃত করে' বিতর্ক সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বিবৃতিতে হাফিজ উদ্দিন আহমেদ ২০০৫ সালে ঢাকায় অনুষ্ঠিত সার্ক শীর্ষ সম্মেলনে জিয়াউর রহমানকে সার্কের স্বপ্নদ্রষ্টা হিসেবে প্রথম সার্ক পদক দেওয়া হয় বলে উল্লেখ করেন।
প্রসঙ্গত, ২০০৮ সালের শিক্ষাবর্ষের জন্য বোর্ডের মাধ্যমিক পৌরনীতি বইতে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের উদ্যোগেই দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা 'সার্ক' এর জন্ম হয় বলে উল্লেখ করা হয়েছে। একইভাবে ওই পুস্তকে বলা হয়, একাত্তরে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২০০৪ঘ.
bdnews24