২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার মামলার শুনানি মঙ্গলবার

ব্যবসায়ী আজম জে চৌধুরীর চাঁদাবাজির মামলায় শেখ হাসিনা, বোন শেখ রেহানা ও ফুপাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি মঙ্গলবার পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে। তবে অসুস্থ হাসিনাকে আদালতে হাজির করা যাবে কি না- তা নিয়ে সংশয়ে আছেন তার আইনজীবীরা। অবশ্য কারা উপ-মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ দুপুর ২টার দিকে চিকিৎসকরা শেখ হাসিনাকে দেখেছেন। তখন তার রক্তচাপ ছিল ১২০/৮০। আশা করা হচ্ছে আগামীকাল তাকে আদালতে হাজির করা যাবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2008, 02:00 PM

Updated : 26 Aug 2022, 01:10 PM

ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ী আজম জে চৌধুরীর চাঁদাবাজির মামলায় শেখ হাসিনা, বোন শেখ রেহানা ও ফুপাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি মঙ্গলবার পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে। তবে অসুস্থ হাসিনাকে আদালতে হাজির করা যাবে কি না- তা নিয়ে সংশয়ে আছেন তার আইনজীবীরা। অবশ্য কারা উপ-মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ দুপুর ২টার দিকে চিকিৎসকরা শেখ হাসিনাকে দেখেছেন। তখন তার রক্তচাপ ছিল ১২০/৮০। আশা করা হচ্ছে আগামীকাল তাকে আদালতে হাজির করা যাবে।" গত ৩১ ডিসেম্বর মামলার অভিযোগ গঠনের শুনানির সময় অসুস্থ হয়ে পড়েন শেখ হাসিনা। তখন তাকে এজলাস থেকে বিশেষ কারাগারে নিয়ে যাওয়া হয়। এরপর দু'দফা শুনানির তারিখে অসুস্থতার কারণে হাসিনাকে আদালতে হাজির করা হয়নি। আসামিপক্ষের আইনজীবী সৈয়দ রেজাউর রহমান সোমবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেখ হাসিনার শারীরিক অবস্থার বিষয়ে এখনো আমরা কিছু জানতে পারিনি। সর্বশেষ তার অসুস্থতা সম্পর্কে ব্যক্তিগত চিকিৎসকদের বক্তব্যই জানা গেছে। এর বাইরে কিছু বলতে পারছি না।" গত রোববার শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক সৈয়দ মোদাচ্ছের আলী, শাহলা খাতুন, প্রাণ গোপাল দত্ত ও এ বি এম আবদুল্লাহ উন্নত চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্র পাঠানোর জন্য প্রধান উপদেষ্টার কাছে আবেদন করেন। চিকিৎসকরা আবেদনপত্রে জানান, শেখ হাসিনার উচ্চ রক্তচাপ, মাথা ব্যথা এবং চোখ, কান, কিডনি ও গাইনি সমস্যা রয়েছে। এ অবস্থায় যে কোনো সময় তার শারীরিক বিপর্যয় ঘটার আশঙ্কা প্রকাশ করেন চিকিৎসকরা। ২৬ ডিসেম্বর সংসদ ভবন এলাকায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিশেষ এজলাসে মামলাটির অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। ওই দিন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি অ্যাডভোকেট এ বি এম শরফুদ্দিন আহমেদ খান মুকুল আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতকে জানান। তিনি অভিযোগ গঠন করে বিচার কাজ শুরুর আবেদন জানান। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ পাইয়ে দেয়ার বিনিময়ে প্রায় তিন কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ব্যবসায়ী আজম জে চৌধুরী ২০০৬ সালের ১৩ জুন শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি করেন। শেখ হাসিনাকে ১৬ জুলাই আটক করার পর এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এর আগেই গ্রেপ্তার হন শেখ সেলিম। ১৮ নভেম্বর মামলাটি বিচারের জন্য অতিরিক্ত মুখ্য মহানগর আদালত থেকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। ২৪ জুলাই আদালতে দেওয়া অভিযোগপত্রে শেখ রেহানাকেও এ মামলায় আসামি হিসেবে যুক্ত করা হয়। যুক্তরাজ্য প্রবাসী শেখ রেহানাকে অভিযোগপত্রে 'পলাতক' দেখানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /পিসি/এএনএস/এসএনডি/এমএইচবি/১৯৫২ ঘ.