খুলনা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ত্র ও মাদক রাখার দুই মামলায় অভিযুক্ত হয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র শেখ তৈয়েবুর রহমান।
খুলনা জেলা ও দায়রা জজ মো. শফিউদ্দিনের আদালতে বুধবার মামলা দুটির অভিযোগ গঠন হয়। ওই সময় আদালতে উপস্থিত মেয়র তৈয়েবুর রহমান নিজেকে নির্দোষ দাবি করেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ তৈয়েবুর রহমানকে গত বছরের ২ নভেম্বর ঢাকার গুলশানের বাসা থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে। পরদিন খুলনার গগন রোডে মেয়রের বাসায় তল্লাশি চালিয়ে চার বোতল মদ ও একটি এক নলা বন্দুক উদ্ধার করা হয়।
ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র ও মাদক আইনে আলাদা দুটি মামলা করে। অস্ত্র আইনে মামলাটি দায়ের করেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক গোলাম রব্বানী; মাদক মামলাটি করেন খুলনা সদর থানার উপ-পরিদর্শক এনামুল হক।
তৈয়েবুর রহমানের আইনজীবী নুরুল হাসান জানান, বুধবার সকাল পৌনে ১১টায় খুলনা জেলা কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্যে মেয়রকে আদালতে নিয়ে যাওয়া হয়। অস্ত্র ও মাদক রাখার অভিযোগে দায়ের করা দুই মামলায় অভিযোগ গঠনের সময় আদালতে মেয়র নিজেকে নির্দোষ দাবি করেন।
অ্যাডভোকেট নূরুল হাসান আরও জানান, আদালতে সিটি মেয়রের জামিন এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর আবেদন জানানো হলেও বিচারক তা না মঞ্জুর করেন।
কারা অন্তরীণ তৈয়েবুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আরও নয়টি মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩৭ ঘ.
bdnews24