ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিচারক অসুস্থ থাকায় মঞ্জুরুল আহসান মুন্সী, তার স্ত্রী ও দুই ছেলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলায় রায় দ্বিতীয়বারের মতো পিছিয়েছে। আগামী ৯ অক্টোবর রায় ঘোষণার নতুন দিন ধার্য করা হয়েছে।
রোববার সংসদ ভবনের বিশেষ জজ আদালত-৫ এ মামলার রায় হওয়ার কথা ছিল। এর আগে গত ২০ সেপ্টেম্বরও এ মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। কিন্তু বিচারক মো. আশরাফ হোসেন অসুস্থতা থাকায় ওইদিনও রায়ের তারিখ পিছিয়ে দেওয়া হয়।
সম্পত্তির বিবরণীতে তথ্য গোপন ও অবৈধভাবে সম্পত্তির মালিক হওয়ার অভিযোগে কমিশনের উপ সহকারী পরিচালক আবু সাঈদ গত ২৭ মার্চ গুলশান থানায় মামলাটি দায়ের করেন। মঞ্জুরুল আহসান মুন্সী, তার স্ত্রী মাজেদা আহসান এবং তাদের দুই ছেলে রেজওনুল আহসান ও রিজভিউল আহসানকে এ মামলার আসামি করা হয়।
গত ১৭ জুন ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে এ মামলার অভিযোগপত্র দেওয়া হয়। সেখানে বলা হয়, সম্পত্তির বিবরণীতে মঞ্জুরুল আহসান প্রায় ৩ কোটি ১৩ লাখ টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন। এছাড়া অবৈধ উপায়ে ৫ কোটি ৩৭ লাখ টাকার সম্পত্তির মালিক হয়েছেন তিনি।
মামলাটি বিচারের জন্য সংসদ ভবনের বিশেষ আদালতে পাঠানোর পর গত ৯ জুলাই অভিযোগ গঠন করা হয়। ১৩ আগস্ট নিজেদের নির্দোষ দাবি করে মুন্সি ও তার স্ত্রী আদালতে ৩৪২ ধারায় জবানবন্দি দেন।
রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শোনার পর ২৯ আগস্ট বিচারক রায় দেওয়ার জন্য দিন ধার্য করেন।
গত ৩ ফেব্র"য়ারি গভীর রাতে যৌথবাহিনী মঞ্জুরুল আহসান মুন্সীকে গ্রেপ্তার করে। তার স্ত্রী ৮ জুলাই বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করেন। তাদের দুই ছেলে পলাতক রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/এমএ/১৭৫৩ ঘ.
bdnews24