২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাটকো মামলায় খালেদার জামিন

গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার অন্তর্বতীকালীন জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। একইসঙ্গে খালেদা জিয়া ও তার ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে এ মামলার কার্যক্রমও স্থগিত করা হয়েছে। এছাড়া মামলাটি জরুরি আইনের আওতায় নেওয়ার আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না ৬ সপ্তাহের মধ্যে দুর্নীতি দমন কমিশন ও সরকারের কাছে তার কারণ জানতে চেয়েছে আদালত। তবে সরকার মামলাটির তদন্ত চালাতে পারবে। খালেদা জিয়া ও আরাফাত রহমানের করা দুটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার বিচারপতি শাহ আবু নাইম মোমিনুর রহমান ও জুবায়ের রহমান চৌধুরীর বেঞ্চ এ আদেশ দেন। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2007, 06:56 AM

Updated : 26 Aug 2022, 08:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার অন্তর্বতীকালীন জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। একইসঙ্গে খালেদা জিয়া ও তার ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে এ মামলার কার্যক্রম স্থগিত করা হয়েছে। তবে সরকার মামলাটির তদন্ত চালাতে পারবে। এছাড়া মামলাটি জরুরি আইনের আওতায় নেওয়ার আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না ৬ সপ্তাহের মধ্যে দুর্নীতি দমন কমিশন ও সরকারের কাছে তার কারণ জানতে চেয়েছে হাইকোর্ট। খালেদা জিয়া ও আরাফাত রহমানের করা দুটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার বিচারপতি শাহ আবু নাইম মোমিনুর রহমান ও জুবায়ের রহমান চৌধুরীর বেঞ্চ এ আদেশ দেন। এ মামলায় খালেদা জিয়ার অর্ন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করলেও কোকোকে রোববার জামিন দেওয়া হয়নি। আদালত কোকোর আইনজীবীকে জানিয়েছে, তার আবেদনটি পরে বিবেচনা করা হবে। রিট দুটির ওপর শুনানিতে খালেদা জিয়া ও কোকোর প্রধান কৌসুলি ব্যারিস্টার রফিক উল হক বলেন, "এ মামলার ঘটনা ২০০৩ সালের ১মার্চ থেকে ২০০৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। কাজেই মামলাটি জরুরি আইনের অন্তর্ভক্ত করার এখতিয়ার দুর্নীতি দমন কমিশনের নেই। ওই সময়ের আইনেই এ মামলার বিচার করতে হবে।" সরকার বা দুর্নীতি দমন কমিশনের পক্ষের আইনজীবীরা রোববারের শুনানিতে কোনো বক্তব্য দেননি। আদালত রিট আবেদনের রায় দেওয়ার পর ব্যারিস্টার রফিক উল হক সাংবাদিকদের বলেন, "গ্যাটকো দুর্নীতি মামলার এজাহার চ্যালেঞ্জ করে রিট করেছিলাম আমরা। আদালত মামলার কার্যক্রম স্থগিত করে দিয়েছে। খালেদা জিয়াকে অন্তবর্তীকালীন জামিন দিয়েছে।" হাইকোর্টের এই জামিন আদেশের ফলে খালেদা জিয়া মুক্তি পাবেন কি না জানতে চাইলে ব্যারিস্টার হক বলেন, "টেকনিক্যালি কোনো অসুবিধা নেই।" হাইকোর্টের আদেশের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে সরকারপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহম্মেদ কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে সরকারের এক ঊর্ধ্বতন আইন কর্মকর্তা জানান, হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে সরকার সুপ্রিম কোর্টে আপিল করবে। দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী গত ২ সেপ্টেম্বর খালেদা জিয়া তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁ থানায় গ্যাটকো দুর্নীতি মামলা দায়ের করেন । অভিযুক্তরা পারস্পরিক যোগসাজশে ঢাকার কমলাপুর কন্টেইনার ডিপো ও চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজ গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানিকে (গ্যাটকো) পাইয়ে দেওয়ার মাধ্যমে রাষ্ট্রের ১ হাজার কোটি টাকা ক্ষতি করেছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। ৩ সেপ্টেম্বর সকালে খালেদা জিয়া ও কোকোকে এ মামলায় গ্রেপ্তার করা হয়। ১৮ সেপ্টেম্বর মামলাটি জরুরি ক্ষমতা আইনের আওতায় নেওয়া হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৭ সেপ্টেম্বর তারা হাইকোর্টে রিট আবেদন করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসকে/জেকে/এমএ/১৯১৮ ঘ.