ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- আওয়ামী লীগ ও বিএনপির নীতি ও আদর্শের মিল হলে এক সঙ্গে আন্দোলন হতে পারে বলে মনে করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান।
দু'দল ফের ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলন করবে -এ মর্মে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের দেওয়া বক্তব্যের জবাব দিতে গিয়ে জিল্লুর রহমান বলেন,"ঐক্যবদ্ধভাবে কাজ করতে গেলে নীতি-আদর্শ ও লক্ষ্যের মিল থাকতে হবে। নীতি-আদর্শের মিল না থাকলে একসঙ্গে আন্দোলন করা সম্ভব নয়। এগুলো হলেই ঐক্যবদ্ধ আন্দোলন করা যেতে পারে।"
শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শুক্রবার বিকালে সুধা সদনে ড. এম ওয়াজেদ মিয়ার সঙ্গে সাক্ষাত শেষে জিল্লুর রহমান সাংবাদিকদের এসব কথা বলেন।
ঈদুল ফিতরের আগেই দলীয় সভানেত্রী শেখ হাসিনার মুক্তির দাবি জানিয়ে জিল্লুর বলেন,"তিনি (শেখ হাসিনা) বাইরে থাকলে এ বাড়িতে আজ আনন্দঘন পরিবেশ থাকতো। দূর্ভাগ্য, তাকে বিনা কারণে, মিথ্যা মামলায় জড়িয়ে কোনো দোষ ছাড়াই আটকে রাখা হয়েছে।"
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি যত দ্রুত সম্ভব জরুরি অবস্থা তুলে নেওয়ার জন্যও সরকারের প্রতি আহবান জানান।
সংবাদ মাধ্যমে সন্দেহভাজন ৮০ জন দূর্নীতিবাজের যে নতুন তালিকা প্রকাশিত হয়েছে সে প্রসঙ্গে জিল্লুর রহমান বলেন,"কি কারণে, কাকে দিয়েছে জানিনা। কিছু লোকের নাম দেখলাম যাদের আমি ভালো লোক হিসাবেই জানি।"
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন," আওয়ামী লীগ যে কোনো অন্যায় গ্রেপ্তারের বিপক্ষে । খালেদা জিয়ার গ্রেপ্তারের কারণ আমরা জানিও না আর জানার প্রয়োজনও নেই।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/১৭৪৪ঘ.
bdnews24