ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আয়কর বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান ও সম্পত্তি গোপন করে কর ফাঁকির দায়ে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের স্ত্রী ইশরাতুন্নেছাকে ৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
ইশরাতুন্নেছা পলাতক রয়েছে। তার আত্মসমর্পণ অথবা গ্রেপ্তারের পর থেকে এ সাজা কার্যকর হবে।
মঙ্গলবার দুপুরে সংসদ ভবনের বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সামসুন্নাহার বেগম এ রায় ঘোষণা করেন।
তবে দুইটি পৃথক ধারায় দেওয়া এ সাজা একত্রে কার্যকর হওয়ায় আসামিকে মোট পাঁচ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।
রায়ে ইশরাতুন্নেসাকে ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ১৬৬ ধারায় সম্পত্তি গোপন করায় পাঁচ বছরের কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া আয়কর বিবরণীতে মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে ১৬৫ ধারায় তাকে ৩ বছরের কারাদণ্ড, এক লাখ জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।
একইসঙ্গে ইশরাতের নামে থাকা সেগুনবাগিচা ও মগবাজারের দুটি ফ্লাট বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আদালত।
গত ৭ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী কর কমিশনার নিগার সুলতানা ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে মামলাটি দায়ের করেন।
অভিযোগে বলা হয়, ইশরাতুন্নেছা ২০০০-০১ থেকে ২০০৬-০৭ করবর্ষে ৮৮ লাখ ৭৬ হাজার ৭১৭ টাকার সম্পদের তথ্য গোপন করে প্রযোজ্য কর ফাঁকি দিয়েছেন।
মামলাটি বিচারের জন্য সংসদ ভবনের বিশেষ জজ আদালতে পাঠানোর পর গত ২৯ আগস্ট ইশরাতুন্নেছার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ৫ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণ শুরু হয়, শেষ হয় ১৩ সেপ্টেম্বর।
গত ১৯ সেপ্টেম্বর যুক্তিতর্ক শেষে বিচারক রায়ের দিন ধার্য করেন।
কর ফাঁকির অভিযোগে ওবায়দুল কাদেরের বিরুদ্ধেও একটি মামলা উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/জিএনএ/১২১৫ ঘ.
bdnews24