২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাইসহ নাজমুল হুদার বিরুদ্ধে হত্যা মামলা

ঢাকা জেলার দোহার থানার আওয়ামী লীগ নেতা খলিল কাজীকে হত্যার অভিযোগে সাবেক যোগাযোগমন্ত্রী ব্যরিস্টার নাজমুল হুদা ও তার ছোট ভাই কামরুল হুদাসহ ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2007, 01:35 PM

Updated : 26 Aug 2022, 08:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা জেলার দোহার থানার আওয়ামী লীগ নেতা খলিল কাজীকে হত্যার অভিযোগে সাবেক যোগাযোগমন্ত্রী ব্যরিস্টার নাজমুল হুদা ও তার ছোট ভাই কামরুল হুদাসহ ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঢাকা জেলার প্রথম শ্রেণীর হাকিম আদালতে এ মামলাটি দায়ের করা হলে হাকিম সালমা সিদ্দিকা এ মামলার বিষয়ে মঙ্গলবার অধিকতর শুনানির জন্য দিন ধার্য করেন। সোমবার নিহত খলিল কাজীর স্ত্রী পলি আক্তারের দায়ের করা এই মামলার অন্য আসামিরা হচ্ছেন দোহার থানার তৎকালীন উপ-পরিদর্শক মাসুদুর রহমান, মাহবুবুর রহমান পান্নু, হাবিবুর রহমান চুন্নু, ফনি মাতবর, স্বপন, গিয়াস, জালাল, মোশারফ হোসেন, আবু সাইদ, ইউনুছ খান ও বাদল বেপারী। বাদী মামলার আরজিতে বলেন, "২০০৬ সালের ১৬ এপ্রিল বিকাল ৫ টায় দোহারের শিলাকোঠা গ্রামে আওয়ামী লীগের কর্মীরা এক সমাবেশে যাওয়ার সময় নাজমুল হুদার নির্দেশে বিএনপি ও ছাত্রদলের সন্ত্রাসীরা তাদের উপর লোহার রড, রামদা বল্লম, হকিস্টিক দিয়ে হামলা করে। এ সময় ঐ থানার আওয়ামী লীগের প্রচার সম্পাদক খলিল কাজী গুরুতর আহত হয়ে পরে হাসপাতালে মারা যান। আরো ৫০/৬০ জন হাসপাতালে চিকিৎসা নেন। "বাদী এ বিষয়ে দোহার থানায় মামলা করতে গেলে তৎকালীন দোহার থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মাসুদুর রহমান তাকে জানান, নাজমুল হুদা ও কামরুল হুদাার নির্দেশ আছে যে ঐ ব্যাপারে কোন মামলা নেওয়া যাবে না।" মামলা করতে যাওয়ার খবর পেয়ে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দেয় বলে আরজিতে বলা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এমএআর/জিএনএ/১৯৩০ ঘ.