ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের স্ত্রী ইশরাতুন্নেছার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে দায়ের করা মামলার রায় মঙ্গলবার ঘোষণা করা হবে।
মামলায় ইশরাতুন্নেছাকে পলাতক দেখানো হয়েছে।
গত ৭ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী কর কমিশনার নিগার সুলতানা ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে মামলাটি দায়ের করেন।
অভিযোগে বলা হয়, ইশরাতুন্নেছা ২০০০-০১ থেকে ২০০৬-০৭ করবর্ষে ৮৮ লাখ ৭৬ হাজার ৭১৭ টাকার সম্পদের তথ্য গোপন করে প্রযোজ্য কর ফাঁকি দিয়েছেন।
মামলাটি বিচারের জন্য সংসদ ভবনের বিশেষ জজ আদালতে পাঠানোর পর গত ২৯ আগস্ট ইশরাতুন্নেছার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ৫ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণ শুরু হয়, শেষ হয় ১৩ সেপ্টেম্বর।
গত ১৯ সেপ্টেম্বর যুক্তিতর্ক শেষে বিচারক সামসুন্নাহার বেগম রায়ের দিন ধার্য করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/এমএইচবি/১৭৪৪ ঘ.
bdnews24