ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চাঁদাবাজির অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে ওয়েস্টমন্ট পাওয়ার প্ল্যান্টের মালিক তাজুল ইসলাম ফারুকের দায়ের করা মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে গেল। আগামী ২২ অক্টোবর নতুন তারিখ ধার্য করা হয়েছে ।
সোমবার ঢাকার মহানগর হাকিম আশরাফ উদ্দিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন এই তারিখ ধার্য করেন।
গত ২ সেপ্টেম্বর ঢাকার মহানগর হাকিম এ মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৪ সেপ্টেম্বর ধার্য করেন। এর আগে একবার গত ১২ আগস্টও এ মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিল করার তারিখ স্থির করা হয়। তবে ওই দিনও প্রতিবেদন দাখিল করা হয়নি।
মামলাটির তদন্ত করছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জানে আলম। এ মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে শেখ হাসিনা ও তার ব্যক্তিগত কর্মচারি মানু মজুমদারের নাম রয়েছে।
নিয়ম অনুযায়ী আগামী ২২ অক্টোবর তদন্ত কর্মকর্তা হয় আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করবেন, নয়তো আসামিদের অব্যাহতি দেওয়ার জন্য চূড়ান্ত প্রতিবেদন দাখিল করবেন।
৯ এপ্রিল শেখ হাসিনার বিরুদ্ধে তিন কোটি টাকার চাঁদাবাজির অভিযোগ এনে তাজুল ইসলাম ফারুক তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এসকে/১৫৪৪ঘ.
bdnews24