২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক ৬ মন্ত্রীকে ডেকেছে দুদক

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আব্দুল মান্নান ভূঁইয়া, সাইফুর রহমানসহ সাবেক জোট সরকারের ছয় মন্ত্রীকে ডাকা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের সেগুনবাগিচার দুদক কার্যালয়ে যেতে হবে। দুদক সচিব মো. মোখলেস উর রহমান রোববার বিকেলে সাংবাদিকদের এ কথা জানান। নিজ কার্যালয় থেকে বের হওয়ার সময় তিনি বলেন, "তৎকালীন ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (পারচেজ কমিটি) ছয়জনের কাছে নোটিশ পাঠানো হয়েছে। ২৫ সেপ্টেম্বর সকাল ১১টায় তারা দুদকে আসবেন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2007, 01:25 PM

Updated : 26 Aug 2022, 08:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আব্দুল মান্নান ভূঁইয়া, সাইফুর রহমানসহ সাবেক জোট সরকারের ছয় মন্ত্রীকে ডাকা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের সেগুনবাগিচার দুদক কার্যালয়ে যেতে হবে। দুদক সচিব মো. মোখলেস উর রহমান রোববার বিকেলে সাংবাদিকদের এ কথা জানান। নিজ কার্যালয় থেকে বের হওয়ার সময় তিনি বলেন, "তৎকালীন ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (পারচেজ কমিটি) ছয়জনের কাছে নোটিশ পাঠানো হয়েছে। ২৫ সেপ্টেম্বর সকাল ১১টায় তারা দুদকে আসবেন।" তখনকার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সদস্যরা হলেন- সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, সাবেক স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম, সাবেক কৃষিমন্ত্রী এম কে আনোয়ার এবং সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী। মন্ত্রী পরিষদ বিভাগের সচিব এই কমিটির সদস্য সচিবের দায়িত্বে ছিলেন। খন্দকার মোশাররফ হোসেন বর্তমানে কারাগারে রয়েছেন। গত ২ সেপ্টেম্বর তেজগাঁও থানায় খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করেন দুদকের উপ পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী। ২০০৩ সালের ঘটনার ভিত্তিতে করা এ মামলার এজাহারে তখনকার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভূমিকার কথা উল্লেখ রয়েছে। এজাহারে বলা হয়, ২০০৩ সালে চট্টগ্রাম বন্দর টার্মিনাল ইয়ার্ড ও কমলাপুর অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব অদক্ষ ও অনভিজ্ঞ প্রতিষ্ঠান 'গ্যাটকো'কে দেওয়া হয়। তখনকার নৌ পরিবহন মন্ত্রী আকবর হোসেন ও তার পরিবারের সদস্যরা অবৈধ হস্তক্ষেপ করে সে সময়কার প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার ছেলে কোকোর মাধ্যমে কাজটি 'গ্যাটকো'কে পাইয়ে দেন। মামলায় অভিযোগ করা হয়, নৌ পরিবহন মন্ত্রণালয় 'গ্যাটকো'র কাজ পাওয়ার বিষয়টি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে তুললে কমিটি কার্যাদেশের অনুমোদন বাতিল করে। পরে খালেদা জিয়া এই প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার বিষয়ে কমিটির কাছে সুপারিশ করেন। খালেদা জিয়া ও কোকোসহ এ পর্যন্ত মোট আটজনকে এই মামলায় আটক করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইএম/এসএম/এসএনডি/এমএ/১৯১৩ ঘ.