২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসার জন্য কোকোকে বিদেশ পাঠানোর অনুরোধ খালেদার

ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর অথবা ব্যাংককে পাঠানোর জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন কারাগারে অন্তরীণ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বুধবার জাতীয় সংসদ ভবন চত্ত্বরের বিশেষ কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার পর তার আইনজীবী অ্যাডভোকেট আহম্মেদ আজম খান সাংবাদিকদের এ কথা জানান। বিকেল তিনটা ১০ মিনিটে তিনি বিশেষ কারাগারে প্রবেশ করেন এবং খালেদা জিয়ার সঙ্গে কথা বলে বেরিয়ে আসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2007, 01:59 PM

Updated : 26 Aug 2022, 08:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর অথবা ব্যাংককে পাঠানোর জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন কারাগারে অন্তরীণ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বুধবার জাতীয় সংসদ ভবন চত্ত্বরের বিশেষ কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার পর তার আইনজীবী অ্যাডভোকেট আহম্মেদ আজম খান সাংবাদিকদের এ কথা জানান। বিকেল তিনটা ১০ মিনিটে তিনি বিশেষ কারাগারে প্রবেশ করেন এবং খালেদা জিয়ার সঙ্গে কথা বলে বেরিয়ে আসেন। অ্যাডভোকেট আজম খান সাংবাদিকদের বলেন, "কারাবন্দি আরাফাত রহমান কোকো গুরুতর অসুস্থ। তিনি এর আগে সিঙ্গাপুর বা ব্যাংককে গিয়ে চিকিৎসা নিয়েছেন। এ কারণে খালেদা জিয়া তার ছেলেকে অবিলম্বে সিঙ্গাপুর বা ব্যাংকক পাঠানোর জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন।" তিনি জানান, খালেদা জিয়া তার বিরুদ্ধে করা তেজগাঁও থানার মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অর্ন্তভুক্ত করায় উদ্বেগ প্রকাশ করেছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আগামী ৩০ তারিখের মধ্যে নেত্রীর আয়করের হিসাব জাতীয় রাজস্ব বোর্ডে জমা দিতে হবে। উনার সঙ্গে এ বিষয়ে কথা বলতেই আমি এখানে এসেছিলাম।" আজম খান সংসদ ভবন চত্ত্বরে পৌঁছানোর মিনিট দশেক আগে খালেদা জিয়ার আরেক আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বিশেষ কারাগারে প্রবেশ করেন। তিনিও খালেদা জিয়ার সঙ্গে প্রায় এক ঘণ্টা কথা বলেন। কারাগার থেকে বেরিয়ে এসে ব্যারিস্টার কায়সার সাংবাদিকদের বলেন, "খালেদা জিয়ার বিরুদ্ধে তেজগাঁও থানার মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ব্যাপারে আলোচনার জন্য আমি এখানে এসেছিলাম।" তিনি জানান, আগামী সপ্তাহের মধ্যেই উচ্চ আদালতে খালেদা জিয়ার জামিনের জন্য আবেদন করা হবে। কারাগারে খালেদা জিয়া কেমন আছেন জানতে চাইলে ব্যারিস্টার কায়সার বলেন, "নেত্রী সুস্থ আছেন। তিনি রোজা রাখছেন, নামাজ পড়ছেন।" আজম খান ও কায়সার কামাল ছাড়াও খালেদা জিয়ার আরেক আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন ভূঁইয়া চারটি মামলার ওকালতনামা নিয়ে বুধবার বিকেলে বিশেষ কারাগারে যান। কারারক্ষীদের মাধ্যমে ওকালতনামাগুলো খালেদা জিয়ার কাছে পৌঁছে দেন তিনি। অ্যাডভোকেট জাকির বিকেল সোয়া পাঁচটায় সাংবাদিকদের বলেন, "উচ্চ আদালতের সিনিয়র আইনজীবী টিএইচ খান ও ব্যারিস্টার রফিকুল ইসলামের পক্ষে ওকালতনামায় নেত্রীর সই নেওয়ার জন্য আমি এখানে এসেছি। চারটির মধ্যে তিনটিতে তার সই নিয়ে আমাকে ফেরত দেওয়া হয়েছে। তবে পাওয়ার অব অ্যাটর্নির ওকালতনামাটি এখনও হাতে পাইনি আমি।" সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে তেজগাঁও থানার দূর্নীতি মামলায় গত ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়। এদিকে শেখ হাসিনার আত্মীয় ব্যারিস্টার ফজলে নূর তাপসের স্ত্রী আফরিন তাপস ও ছোট ভাই প্রতাপের স্ত্রী শাহানা ইয়াছমিন বুধবার বিকেলে সংসদ ভবন চত্ত্বরের বিশেষ কারাগারে অন্তরীণ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। তারা বিকেল পৌনে চারটায় বিশেষ কারাগারে প্রবেশ করেন এবং পাঁচটায় সেখান থেকে বেরিয়ে আসেন। শেখ হাসিনার জন্য তারা বেল, জাম্বুরা, আপেল, কমলাসহ বিভিন্ন ইফতার সামগ্রী নিয়ে যান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জিএমএ/জেকে/এমএ/১৯২৮ ঘ.