২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাজেদা চৌধুরীর তদন্ত কমিটি ৮ জনের সাক্ষ্য নিয়েছে

আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতার সঙ্গে অশোভন আচরণের ঘটনা তদন্তে দলীয় গঠিত কমিটি সোমবার আটজনের সাক্ষ্য নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2007, 09:26 AM

Updated : 26 Aug 2022, 08:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতার সঙ্গে অশোভন আচরণের ঘটনা তদন্তে দলীয় গঠিত কমিটি সোমবার আটজনের সাক্ষ্য নিয়েছে। দলের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরীর নেতৃত্বে গঠিত এক সদস্যের তদন্ত কমিটি এই সাক্ষ্য গ্রহণ করে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে বেলা পৌনে ১২ টা পর্যন্ত সাক্ষ্য গ্রহণ চলে। এ সময় তদন্ত কমিটিকে সাহায্য করেন দলের সহ -দপ্তর সম্পাদক বিএম মোজাম্মেল হক। ভোলার তজুমুদ্দিনের যুবলীগের সাবেক সহ -সভাপতি ইব্রাহিম আহমেদ সাক্ষ্য দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের বলেন, " 'শেখ হাসিনা ছাড়া সংস্কার হবে না' বলে কিছু অপরিচিত লোক দলীয় নেতাদের গাড়িতে ওই দিন হামলা করে। আমরা হামলাকারীদের চিনি না। তখন আমরা নেতাদের রক্ষা করার চেষ্টা করেছি।" কমিটিতে আরো সাক্ষ্য দিয়েছেন রংপুর হারগাছা পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ এরশাদ, দলের পল্লবী থানা শাখার সাধারণ সম্পাদক কামাল মাস্টার, অফিস স্টাফ সিরাজ মিয়া, মিজানুর রহমান, সোহরাব, খোকন এবং আলমগীর। সাজেদা চৌধুরী সাংবাদিকদের কাছে তদন্ত কমিটির প্রাপ্ত তথ্যের বিষয়ে কথা বলতে রাজী হননি। তিনি শুধু বলেন, " বিষয়টি গোপনীয়, এ জন্য আমি এখন কিছু বলবো না। এটি প্রতিবেদন আকারেই দেওয়া হবে।" সাজেদা চৌধুরীকে তদন্ত কমিটি প্রধান করায় দলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বলে বিভিন্ন পত্রিকার খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, "আমি ৫১ বছর ধরে রাজনীতি করি। আমি পক্ষপাতদুষ্ট - এই অভিযোগ কেউ করতে পারবে না। দলে ভুল বোঝাবুঝি থাকতেই পারে। তা নিজেরা বসেই ঠিক করতে হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/ বিআর/এসকে/ ১৩২৫ ঘ.