২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি বি.চৌধুরীর সঙ্গে কোনো যোগাযোগ করেনি : দেলোয়ার হোসেন

বএনপির নতুন মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন স্পষ্ট ভাষায় বলেছেন, বিএনপির পক্ষ থেকে দলের সাবেক নেতা অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করা হয়নি। বিএনপির খালেদা জিয়ার অনুগত পক্ষের নেতা দেলোয়ার হোসেন সোমবার বলেন, "মান্নান ভূঁইয়ারা আকালে পড়েছেন, তারাই বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেছেন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2007, 08:10 AM

Updated : 26 Aug 2022, 08:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বিএনপির নতুন মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন স্পষ্ট ভাষায় বলেছেন, বিএনপির পক্ষ থেকে দলের সাবেক নেতা অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করা হয়নি। বিএনপির খালেদা জিয়ার অনুগত পক্ষের নেতা দেলোয়ার হোসেন সোমবার বলেন, "মান্নান ভূঁইয়ারা আকালে পড়েছেন, তারাই বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেছেন।" অধ্যাপক চৌধুরী বিএনপির পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে যে মন্তব্য করেছেন তা নাকচ করে দিয়ে দেলোয়ার হোসেন মানিক মিয়া এভিনিউর ন্যাম ফ্ল্যাটে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ কথা বলেন। বিএনপিতে নেতৃত্ব নিয়ে কোনো বিভক্তি নেই দাবি করে তিনি আবারও বলেন, "আমরা সবাই খালেদাপন্থী, তার নেতৃত্বেই বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ।" হান্নান শাহ এর সঙ্গে তার সম্পকের্র অবনতি হয়েছে কি না জানতে চাইলে দেলোয়ার হোসেন বলেন, "আমাদের মধ্যে কোনো দ্বিধা-দ্বন্দ্ব কিংবা মতভিন্নতা নেই। আমাদেরই সবারই পথ একটাই- খালেদা জিয়ার নেতৃত্বের বিএনপি। সবাই মিলেই আমরা এ কাজটা করছি।" খালেদা জিয়ার অনুপস্থিতিতে দলের কর্তৃত্ব নিয়ে গত কয়েকদিনে হান্নান শাহ ও দেলোয়ার হোসেনের পরস্পরবিরোধী দাবির কারণে দ'ু জনের মধ্যে একটি দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে বলে আভাস পাওয়া যাচ্ছে। এক প্রশ্নের জবাবে দেলোয়ার হোসেন বলেন, "চেয়ারপারসন কারাগারে আছেন, তার সম্মতি ছাড়া আমরা কোনো সভা কিংবা কাউন্সিল করার চিন্তা আপাতত করছি না।" খোন্দকার দেলোয়ার তত্ত্বাবধায়ক সরকারের কাছে নিরপেক্ষতা দাবি করে বলেন, "আর বিলম্ব না করে দলীয় কার্যালয় খুলে দিন। এটি বিএনপির কার্যালয়।" তবে কার্যালয় বন্ধ রাখার বিরুদ্ধে আইনী কোনো ব্যবস্থায় যাবেন না বলেও জানান তিনি। দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ বলেন, "আ স ম হান্নান শাহ আমাদের নেতা, দলের মহাসচিবের সঙ্গে তার যে সমন্বয় রয়েছে এনিয়ে কোনো ভুল বোঝাবুঝির অবকাশ নেই।" এর আগে জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুজ্জামান দুদুর নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ কর্মীরা নতুন মহাসচিবকে ফুল দিয়ে অভিনন্দন জানান। সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় অন্যান্যের মধ্যে কৃষক দলের সহসভাপতি মো. নাজিম উদ্দিন, তকদির হোসেন মো. জসিম, জামাল উদ্দিন খান প্রমুখ নেতা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এসকে/১৩৫৭ঘ.