২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ নেতাদের লাঞ্ছিত করার ঘটনা তদন্ত করবেন সাজেদা

বুধবার আওয়ামী লীগের সংস্কারপন্থী বলে পরিচিত নেতাদের লাঞ্ছিত করার ঘটনা তদন্তে দলের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরীর নেতৃত্বে এক সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2007, 05:38 PM

Updated : 26 Aug 2022, 08:37 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বুধবার আওয়ামী লীগের সংস্কারপন্থী বলে পরিচিত নেতাদের লাঞ্ছিত করার ঘটনা তদন্তে দলের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরীর নেতৃত্বে এক সদস্যের কমিটি গঠন করা হয়েছে। দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান শনিবার সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, " দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর নেতৃত্বে এক সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটি এক সপ্তাহের মধ্যে ভারপ্রাপ্ত সভাপতির কাছে তদন্ত প্রতিবদেন জমা দেবে।" তিনি বলেন, "ঘটনার পরদিনই আমি বলেছিলাম, তদন্ত কমিটি করে দেওয়া হবে। তাই আজকে (শনিবার) তদন্ত কমিটি করে দিয়েছি। এ তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর যদি দেখি দলের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত ছিল তাহলে তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।" বুধবার আওয়ামী লীগের কার্য নির্বাহী সংসদের বৈঠক শেষ করে বের হয়ে যাওয়ার সময় একদল কর্মী ও সর্মথক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুকুল বোস ও কার্য নির্বাহী সংসদের সদস্য অধ্যাপক আবু সাইয়িদের সঙ্গে অশোভন আচরণ এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানকে লাঞ্ছিত করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএসবি/জিএনএ/২৩৩৯ ঘ.